যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে তিন লাখের বেশি ভিসা বাতিল করেছে তাঁর প্রশাসন। গতকাল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে। জাতীয় নিরাপত্তা রক্ষা ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে এসব ভিসা বাতিল করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের ২০ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অভিবাসীদের বিরুদ্ধে চলমান ব্যাপক অভিযানের মধ্যেই ভিসা বাতিলের এই নতুন হিসাব প্রকাশ করা হলো। সংখ্যাটি ট্রাম্পের বর্তমান মেয়াদের শুরু থেকে এ পর্যন্ত বাতিল হওয়া ভিসার মোট হিসাব।
এর আগে গত ১০ আগস্ট পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর থেকে এক লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করা হয়েছে। সর্বশেষ ঘোষণায় সেই সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। প্রকাশিত হিসাবগুলো থেকে সাম্প্রতিক সপ্তাহগুলোয় ভিসা বাতিলের গতি বাড়ার চিত্র পাওয়া যাচ্ছে।
ট্রাম্প প্রশাসন বলছে, অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে অভিবাসন আইন প্রয়োগ ও বহিষ্কার কার্যক্রম জোরদার করা হয়েছে। ভিসাধারীদের আইন লঙ্ঘন, প্রতারণা এবং জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে তারা।

তবে অধিকারকর্মীরা এসব অভিযানের ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের অভিযোগ, অনেক ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে না। এতে মানুষের অধিকার ক্ষুণ্ন হচ্ছে এবং অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে জাতিগত সংখ্যালঘুদের পরিচয়ের ভিত্তিতে লক্ষ্যবস্তু করার আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
ভিসা বাতিলের সর্বশেষ তথ্য জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট। তাঁর দাবি, আগের যেকোনো মার্কিন প্রশাসনের তুলনায় বর্তমান প্রশাসন দ্রুতগতিতে বেশি ভিসা বাতিল করেছে।
পিগট আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে অবস্থানরত কোনো বিদেশি আইন ভাঙলে, প্রতারণায় জড়ালে কিংবা জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ন করলে প্রশাসন তাঁর প্রতি সহনশীলতা দেখাবে না। ভিসাধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে এই কঠোর অবস্থান অব্যাহত রাখার বার্তাও দিয়েছেন তিনি।
ট্রাম্প প্রশাসনের ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়ে বিতর্কের একটি বড় ক্ষেত্র ফিলিস্তিনপন্থী বিক্ষোভ। যুক্তরাষ্ট্রে এসব বিক্ষোভে অংশ নেওয়া বিদেশিদের ভিসা ব্যাপকভাবে বাতিল করা হয়েছে। অধিকারকর্মীরা এ ধরনের পদক্ষেপের সমালোচনা করেছেন।

এ ছাড়া ট্রাম্পের ঘনিষ্ঠ রক্ষণশীল ভাষ্যকার চার্লি কার্কের হত্যাকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করার কারণেও বিদেশিদের ভিসা বাতিলের ঘটনা ঘটেছে। এসব পদক্ষেপকে ঘিরে প্রশাসনের আইন প্রয়োগের পরিধি ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিক্ষোভে অংশগ্রহণ বা নির্দিষ্ট মন্তব্যের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অভিবাসনপ্রত্যাশী ও ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম যাচাইও আরও কঠোর করেছে মার্কিন প্রশাসন।
অধিকারকর্মীদের অভিযোগ, জাতীয় নিরাপত্তার যুক্তি ব্যবহার করে কিছু ক্ষেত্রে প্রশাসনের সমালোচকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাঁদের আরও অভিযোগ, প্রতারণার নির্দিষ্ট কিছু ঘটনাকে সামনে এনে বৃহত্তর অভিবাসী জনগোষ্ঠীকে সন্দেহের আওতায় আনা হচ্ছে। এ প্রসঙ্গে মিনেসোটার সোমালি-মার্কিন জনগোষ্ঠীর কথাও তুলে ধরেছেন তাঁরা।
২০২৪ সালের নির্বাচনী প্রচারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে তাঁর প্রশাসন অভিবাসন নিয়ন্ত্রণে বিভিন্ন কঠোর পদক্ষেপ নিয়েছে।
তবে এসব পদক্ষেপের প্রভাব শুধু অবৈধ অভিবাসনের মধ্যে সীমিত থাকেনি। বৈধভাবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথও কঠিন হয়েছে। কর্মসংস্থানসংক্রান্ত নির্দিষ্ট কিছু ভিসায় উচ্চ ফি আরোপ করা হয়েছে। এর মধ্যেই তিন লাখের বেশি ভিসা বাতিলের নতুন হিসাব প্রকাশ করল মার্কিন পররাষ্ট্র দপ্তর।








