কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ায় (ইউবিসি) কম্পিউটার সায়েন্সে পিএইচডির আবেদন চলছে। ২০২৭ সালের সেপ্টেম্বরে ক্লাস শুরু হবে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ ডিসেম্বর ২০২৬।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অনুযায়ী, আবেদন শুরু হয়েছে ১৫ সেপ্টেম্বর। ট্রান্সক্রিপ্ট জমার শেষ সময় ১৬ ডিসেম্বর এবং সুপারিশপত্র জমার শেষ সময় ১৫ জানুয়ারি ২০২৭।
এই কোর্সে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, রোবটিকস, কম্পিউটার গ্রাফিকস, ডেটা ব্যবস্থাপনা, সাইবার নিরাপত্তা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ও অ্যালগরিদমসহ বিভিন্ন বিষয়ে গবেষণার সুযোগ রয়েছে। পড়াশোনা ও গবেষণা হবে ইউবিসির ভ্যাঙ্কুভার ক্যাম্পাসে।
কোর্সের ওয়েবপেজে পূর্ণকালীন পিএইচডি শিক্ষার্থীদের প্রথম চার বছরে বছরে ন্যূনতম ৪০ হাজার কানাডীয় ডলার অর্থায়নের কথা বলা হয়েছে। টিউশন ও অন্যান্য ফি এবং বিভাগের নির্দিষ্ট অর্থায়নের তথ্য আলাদাভাবে দেওয়া রয়েছে।
ইংরেজি দক্ষতার প্রমাণ হিসেবে আইইএলটিএস জমা দিলে মোট স্কোর অন্তত ৭ এবং প্রতিটি অংশে অন্তত ৬ দশমিক ৫ প্রয়োজন। জিআরই লাগবে না।
বিস্তারিত শর্ত ও আবেদনপদ্ধতি পাওয়া যাবে ইউবিসির কম্পিউটার সায়েন্স পিএইচডির ওয়েবপেজে।







