কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের ডেসোটেলস ফ্যাকাল্টি অব ম্যানেজমেন্টে পিএইচডির আবেদন চলছে। ২০২৭ সালের সেপ্টেম্বরে ক্লাস শুরু হবে। দেশি ও আন্তর্জাতিক আবেদনকারীদের সব কাগজপত্র জমা দেওয়ার শেষ সময় ১৫ জানুয়ারি ২০২৭।
বিশ্ববিদ্যালয় জানিয়েছে, অসম্পূর্ণ আবেদন মূল্যায়ন করা হবে না। আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে জমা দিতে হবে। প্রয়োজন হবে আগের বিশ্ববিদ্যালয়গুলোর ট্রান্সক্রিপ্ট এবং দুজন শিক্ষকের গোপনীয় সুপারিশপত্র। জিম্যাট বাধ্যতামূলক নয়, তবে বিশ্ববিদ্যালয় এটি জমা দিতে উৎসাহ দিয়েছে।
কোর্সের অর্থায়নসংক্রান্ত ওয়েবপেজ অনুযায়ী, সন্তোষজনক শিক্ষাগত অগ্রগতি থাকলে চার বছর ধরে বছরে ৩০ হাজার কানাডীয় ডলার দেওয়া হবে। এর বাইরে চার বছরের টিউশন এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের অতিরিক্ত টিউশন ফিও বহন করবে কোর্স কর্তৃপক্ষ।
পুরো অর্থায়ন পেতে চতুর্থ বছরে নিজের বিশেষায়িত বিষয়ে তিন ক্রেডিটের একটি কোর্স পড়াতে হবে। ভালো শিক্ষাগত অবস্থায় থাকা শিক্ষার্থীরা পঞ্চম বছরে আরও ২০ হাজার কানাডীয় ডলার সহায়তার যোগ্য হতে পারেন।
সম্মেলন ও গবেষণাসংক্রান্ত ভ্রমণের জন্য মোট ৭ হাজার ৫০০ কানাডীয় ডলারের তহবিলও রয়েছে। তবে চিকিৎসা ও ডেন্টাল বিমা, শিক্ষার্থীসেবা এবং অন্যান্য আনুষঙ্গিক ফি এই প্যাকেজে অন্তর্ভুক্ত নয়।
বিস্তারিত পাওয়া যাবে ভর্তির ওয়েবপেজে এবং অর্থায়নের ওয়েবপেজে।








