কানাডায় আকাশপথে ভ্রমণের জন্য ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ইটিএ আবেদনকারীদের ফেসিয়াল বায়োমেট্রিক দিয়ে পরিচয় যাচাইয়ের ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে দেশটির সরকার। প্রস্তাব কার্যকর হলে ভিসা ছাড়ের সুবিধাপ্রাপ্ত বিদেশি নাগরিকদের ইটিএ আবেদনের সময় ফেসিয়াল বায়োমেট্রিক জমা দিতে হতে পারে। তবে নতুন শর্ত কার্যকরের তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
ভ্রমণ ও ভিসাবিষয়ক সংবাদমাধ্যম ভিসাসনিউজ ১০ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, কানাডার ২০২৬ সালের ফেডারেল বাজেটে বায়োমেট্রিক যাচাই সম্প্রসারণের জন্য অর্থ বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। এর মধ্যে ইটিএ আবেদনকারীদের ফেসিয়াল বায়োমেট্রিক সংগ্রহের পরিকল্পনাও রয়েছে।
কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ—আইআরসিসির সরকারি নিয়ন্ত্রক পরিকল্পনাতেও এ উদ্যোগের উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে, পরিচয় আরও নির্ভুলভাবে যাচাই এবং অন্যের পরিচয় ব্যবহার করে আবেদন করার ঝুঁকি কমাতে মুখের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ ও ব্যবহারের ক্ষমতা বাড়ানো হবে।
এ জন্য দেশটির অভিবাসন ও শরণার্থী সুরক্ষা বিধিমালা সংশোধনের প্রস্তাব করা হয়েছে। বিশেষভাবে ভিসা ছাড়ের সুবিধাপ্রাপ্ত ইটিএ আবেদনকারীদের জন্য নতুন বায়োমেট্রিক শর্ত যুক্ত করার কথা বলা হয়েছে।
ভিসাসনিউজের তথ্য অনুযায়ী, বায়োমেট্রিক যাচাই সম্প্রসারণে ২০২৭–২৮ অর্থবছর থেকে চার বছরে আইআরসিসিকে ৯ কোটি কানাডীয় ডলার দেওয়ার প্রস্তাব রয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর আনুমানিক পরিমাণ ৭৮৮ কোটি টাকা। এ অর্থায়নের আওতায় আরও বেশি ভ্রমণকারীর আঙুলের ছাপ ও মুখের ছবি ব্যবহার করে যাচাইয়ের ব্যবস্থা সম্প্রসারণ করা হবে। তবে ইটিএ আবেদনকারীদের জন্য আলোচিত নতুন শর্তটি মুখের ছবি জমা দেওয়ার সঙ্গে সম্পর্কিত।
কীভাবে ছবি জমা দিতে হবে—অনলাইন আবেদনপত্রে ছবি আপলোড, স্মার্টফোনে সরাসরি ছবি তোলা, নাকি আলাদা অ্যাপ ব্যবহার—তা এখনো নির্ধারিত হয়নি। বরাদ্দের প্রস্তাব ২০২৭–২৮ অর্থবছর থেকে শুরু হলেও ওই সময়েই নতুন শর্ত বাধ্যতামূলক হবে, এমন ঘোষণা দেওয়া হয়নি।
আইআরসিসি জানিয়েছে, উদ্যোগটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে পরামর্শ এবং কানাডা গেজেটে প্রস্তাবিত বিধিমালা আগাম প্রকাশের মাধ্যমে জনমত নেওয়ার প্রক্রিয়া রয়েছে। নতুন তথ্য সংগ্রহের কারণে আবেদনকারীদের অতিরিক্ত ধাপ ও সম্ভাব্য বাড়তি খরচের বিষয়টিও স্বীকার করেছে বিভাগটি।
বর্তমানে ইটিএ আবেদনের সরকারি ফি ৭ কানাডীয় ডলার বা আনুমানিক ৬১৩ টাকা। অনলাইনে আবেদন করতে বৈধ পাসপোর্ট, ক্রেডিট বা ডেবিট কার্ড এবং ইমেইল ঠিকানা প্রয়োজন।








