কানাডার গ্রামীণ ও ছোট শহরগুলোতে দক্ষ বিদেশি কর্মীদের স্থায়ী বসবাসের সুযোগ দিতে Rural Community Immigration Pilot-কে স্থায়ী কর্মসূচিতে রূপান্তরের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। নতুন Rural Community Immigration Program আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে চালুর পরিকল্পনা রয়েছে।
কানাডার অভিবাসন বিভাগ Immigration, Refugees and Citizenship Canada (IRCC) ৯ নভেম্বর এ ঘোষণা দেয়। নতুন কর্মসূচির জন্য অভিবাসন পরিকল্পনায় ৫ হাজার ৫০০টি স্থায়ী বসবাসের স্থান নির্ধারণ করা হয়েছে। তবে এটি ৫ হাজার ৫০০টি চাকরির শূন্যপদ নয়।
কারা আবেদন করতে পারবেন
কর্মসূচিতে অংশ নিতে আবেদনকারীর কানাডার নির্ধারিত অঞ্চলের অনুমোদিত নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাব থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কমিউনিটির সুপারিশ, প্রয়োজনীয় কাজের অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা ও ইংরেজি অথবা ফরাসি ভাষায় দক্ষতার প্রমাণ লাগবে।
যোগ্য বাংলাদেশিরাও আবেদন করতে পারবেন। তবে শুধু IELTS সনদ থাকলেই সরাসরি স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া যাবে না।
কোন অঞ্চলে সুযোগ থাকবে
কানাডার সাতটি প্রদেশের ১৪টি অঞ্চলে কর্মসূচি চালু রাখার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে অন্টারিওর North Bay, Sudbury, Timmins ও Thunder Bay; ম্যানিটোবার Brandon এবং নোভা স্কোশিয়ার Pictou County উল্লেখযোগ্য।
সংশ্লিষ্ট অঞ্চলের অনুমোদিত নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাব পাওয়ার পর কমিউনিটির সুপারিশ নিতে হবে। এরপর যোগ্য প্রার্থীরা স্থায়ী বসবাসের অনুমতির আবেদন করতে পারবেন।
আবেদন কবে শুরু
নতুন স্থায়ী কর্মসূচি ১ জানুয়ারি ২০২৭ থেকে চালুর কথা রয়েছে। আবেদনকারীদের সরকারি ওয়েবসাইটে যোগ্যতা, অনুমোদিত নিয়োগকর্তা এবং আবেদনপদ্ধতির সর্বশেষ নির্দেশনা যাচাই করতে হবে।







