কানাডার ইউনিভার্সিটি অব টরন্টোতে আন্তর্জাতিক গবেষকদের জন্য দুই বছর মেয়াদি পোস্টডক্টরাল ফেলোশিপের সুযোগ রয়েছে। Research Excellence Postdoctoral Fellows Program (REPFP) নামে এ কর্মসূচিতে নির্বাচিত গবেষকেরা বছরে ৮০ হাজার কানাডীয় ডলার বেতন পাবেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭০ লাখ ৪০ হাজার টাকা। পাশাপাশি স্বাধীন গবেষণা পরিচালনার জন্য বছরে অতিরিক্ত ১০ হাজার কানাডীয় ডলার বা প্রায় ৮ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের স্কুল অব গ্র্যাজুয়েট স্টাডিজের প্রকাশিত তথ্য অনুযায়ী, কানাডীয় নাগরিকদের পাশাপাশি আন্তর্জাতিক গবেষকেরাও এ ফেলোশিপে আবেদন করতে পারবেন। ফলে নির্ধারিত যোগ্যতা পূরণ করলে বাংলাদেশি পিএইচডিধারীদেরও আবেদনের সুযোগ রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে আবেদনের সময়সীমা ও নির্বাচনের শর্ত আলাদা।
ফেলোশিপে যেসব সুবিধা মিলবে
নির্বাচিত গবেষকদের ইউনিভার্সিটি অব টরন্টোতে পোস্টডক্টরাল কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে। তাঁরা সর্বোচ্চ দুই বছর গবেষণা পরিচালনার সুযোগ পাবেন।
এ কর্মসূচিতে বছরে ৮০ হাজার কানাডীয় ডলার বেতন দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭০ লাখ ৪০ হাজার টাকা। দুই বছরে মোট বেতন দাঁড়াবে ১ লাখ ৬০ হাজার কানাডীয় ডলার বা প্রায় ১ কোটি ৪০ লাখ ৮০ হাজার টাকা।
এ ছাড়া স্বাধীন গবেষণা পরিচালনার জন্য বছরে ১০ হাজার কানাডীয় ডলার বরাদ্দ থাকবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৮ লাখ ৮০ হাজার টাকা। দুই বছরে গবেষণা খাতে মোট বরাদ্দ হবে প্রায় ১৭ লাখ ৬০ হাজার টাকা।
সব মিলিয়ে দুই বছরে বেতন ও গবেষণা তহবিলের পরিমাণ দাঁড়াবে ১ লাখ ৮০ হাজার কানাডীয় ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৫৮ লাখ ৪০ হাজার টাকা। তবে গবেষণার জন্য বরাদ্দ অর্থ ব্যক্তিগত বেতনের অংশ নয়।
এ ছাড়া নির্বাচিত গবেষকেরা নিয়োগের শর্ত অনুযায়ী কর্মী সুবিধা, অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে গবেষণা, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা অবকাঠামো ব্যবহারের সুযোগ পাবেন।
আবেদনের যোগ্যতা
ইউনিভার্সিটি অব টরন্টোর প্রকাশিত নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীদের পিএইচডি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। যাঁরা এখনো পিএইচডি সম্পন্ন করেননি, তাঁরাও আবেদন করতে পারবেন। তবে ফেলোশিপ শুরু হওয়ার আগে ডিগ্রির সব শর্ত পূরণ করতে হবে।
আবেদনকারীদের নিজ নিজ গবেষণাক্ষেত্রে উৎকর্ষের প্রমাণ থাকতে হবে। পাশাপাশি স্বাধীনভাবে গবেষণা পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের সক্ষমতা এবং ভবিষ্যতে গবেষণায় নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা দেখাতে হবে।
বিশ্ববিদ্যালয়ের সাধারণ নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীদের সাধারণত পিএইচডি সম্পন্ন করার পাঁচ বছরের মধ্যে থাকতে হবে। তবে মাতৃত্ব বা পিতৃত্বকালীন ছুটি, অসুস্থতা, পারিবারিক দায়িত্ব কিংবা অন্যান্য গ্রহণযোগ্য কারণে গবেষণায় বিরতি থাকলে এ সময়সীমায় ছাড় দেওয়া হতে পারে।
এ ছাড়া আবেদনকারী আগে একটির বেশি পোস্টডক্টরাল নিয়োগে কাজ করে থাকলে সাধারণত যোগ্য বিবেচিত হবেন না। তবে অনুষদভেদে যোগ্যতার শর্ত ভিন্ন হতে পারে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট অনুষদের নির্দেশনা যাচাই করতে হবে।
আবেদনের শেষ সময়
ইউনিভার্সিটি অব টরন্টোর Dalla Lana School of Public Health-এর ২০২৭ সালের পোস্টডক্টরাল ফেলোশিপের আবেদনপ্রক্রিয়া চলছে। এ অনুষদ থেকে সর্বোচ্চ দুটি ফেলোশিপ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এখানে আবেদনের দুটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
১ ডিসেম্বর ২০২৬: প্রাথমিক আগ্রহপত্র বা Notice of Intent জমা দেওয়ার শেষ সময়।
১১ জানুয়ারি ২০২৭: পূর্ণাঙ্গ আবেদন জমা দেওয়ার শেষ সময়।
উভয় ক্ষেত্রেই আবেদন জমা দেওয়ার শেষ সময় দুপুর ১২টা, টরন্টোর স্থানীয় সময়। বাংলাদেশ সময় অনুযায়ী তা সংশ্লিষ্ট তারিখের রাত ১১টা।
অন্যদিকে, ইউনিভার্সিটি অব টরন্টো স্কারবরোর ২০২৭ সালের নিয়োগপর্বের আবেদন ইতিমধ্যে বন্ধ হয়েছে। সেখানে প্রাথমিক আগ্রহপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২৭ অক্টোবর এবং মনোনয়নের শেষ সময় ছিল ১০ নভেম্বর ২০২৬।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী গবেষকদের প্রথমে ইউনিভার্সিটি অব টরন্টোর সংশ্লিষ্ট অনুষদে নিজের গবেষণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একজন সম্ভাব্য সুপারভাইজার খুঁজতে হবে। এরপর তাঁর সঙ্গে যোগাযোগ করে গবেষণা প্রস্তাব ও প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করতে হবে।
Dalla Lana School of Public Health-এর ক্ষেত্রে পূর্ণাঙ্গ আবেদনের জন্য যেসব নথি প্রয়োজন—
1. সুপারভাইজারের সমর্থনপত্র, সর্বোচ্চ দুই পৃষ্ঠা।
2. স্বাধীন গবেষণা প্রস্তাব, সর্বোচ্চ দুই পৃষ্ঠা। তথ্যসূত্রের জন্য অতিরিক্ত দুই পৃষ্ঠা রাখা যাবে।
3. গবেষণা ও পেশাগত দক্ষতা উন্নয়নসংক্রান্ত বিবৃতি, সর্বোচ্চ এক পৃষ্ঠা।
4. আবেদনকারীর জীবনবৃত্তান্ত বা সিভি।
5. অনুষদের একাডেমিক পরিকল্পনার সঙ্গে প্রস্তাবিত গবেষণার সামঞ্জস্যের বিবরণ, সর্বোচ্চ অর্ধেক পৃষ্ঠা।
6. গবেষণায় অন্তর্ভুক্তি, বৈচিত্র্য, সমতা ও প্রবেশগম্যতা বিবেচনার সংক্ষিপ্ত বিবরণ, সর্বোচ্চ অর্ধেক পৃষ্ঠা।
প্রয়োজনীয় নথি একটি পিডিএফ ফাইলে জমা দিতে হবে। আবেদনে সুপারভাইজারের গবেষণা তহবিলসংক্রান্ত তথ্যও উল্লেখ করতে হবে।
গবেষণা শুরু হবে কবে
Dalla Lana School of Public Health-এর নির্বাচিত ফেলোদের ১ মার্চ ২০২৭ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৮-এর মধ্যে গবেষণা শুরু করতে হবে। বিশেষ পরিস্থিতিতে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত শুরুর সময় পিছিয়ে দেওয়ার অনুমতি পাওয়া যেতে পারে।
বিশ্ববিদ্যালয়ের এ কর্মসূচির উদ্দেশ্য নতুন গবেষকদের স্বাধীনভাবে গবেষণা পরিচালনার সক্ষমতা বাড়ানো এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় ও গবেষণাপ্রতিষ্ঠানে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করা।
তবে এটি স্নাতকোত্তর বা পিএইচডি ডিগ্রি অর্জনের স্কলারশিপ নয়। মূলত পিএইচডি সম্পন্ন করা কিংবা সম্পন্ন করার পর্যায়ে থাকা গবেষকদের জন্য এটি বেতনভিত্তিক পোস্টডক্টরাল নিয়োগের সুযোগ।








