কানাডায় পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য দেশটিতে পা রাখার পর প্রথম পরীক্ষাটি হয় বিমানবন্দরেই। স্টাডি পারমিট থাকলেও সরাসরি প্রবেশের অনুমতি মেলে না। কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) কর্মকর্তার মুখোমুখি হয়ে একটি সাক্ষাৎকার সম্পন্ন করতে হয়। সিআইসি নিউজ জানিয়েছে, এটি কোনো সাধারণ আলাপ নয়। কর্মকর্তারা নিশ্চিত হতে চান, শিক্ষার্থী বোঝেন যে তাঁর অবস্থান সীমিত সময়ের জন্য এবং মেয়াদ শেষে তিনি দেশ ছাড়বেন। আইনের ভাষায় একে বলা হয় "সাময়িক বাসিন্দার অভিপ্রায়"।
প্রতিটি যাত্রী প্রথমে প্রাথমিক পরীক্ষায় (প্রাইমারি ইন্সপেকশন) যান। সেখানে কর্মকর্তা কাগজপত্র দেখেন, কয়েকটি প্রশ্ন করেন এবং সিদ্ধান্ত নেন, আপনাকে প্রবেশের অনুমতি দেবেন, অন্যত্র পাঠাবেন, নাকি বিস্তারিত যাচাইয়ের জন্য সেকেন্ডারি ইন্সপেকশনে পাঠাবেন।
সেকেন্ডারিতে ডাক পড়ার মানেই সমস্যা, এমন নয়। সিবিএসএর ভাষ্যমতে, এটি প্রবেশ প্রক্রিয়ার স্বাভাবিক অংশ এবং নাগরিক, স্থায়ী বাসিন্দা ও দর্শনার্থী, সবার ক্ষেত্রেই হতে পারে। তবে এখানে একই প্রশ্ন আবার করা হতে পারে এবং সময়ও বেশি লাগে। কর্মকর্তারা অর্থের প্রমাণ চাইতে পারেন। প্রয়োজনে ডিজিটাল ডিভাইসও পরীক্ষা করতে পারেন।
কর্মকর্তাদের প্রশ্ন মোটামুটি চার ভাগে পড়ে। প্রথমত, পরিচয় ও ভ্রমণের উদ্দেশ্য: কেন এসেছেন, কতদিন থাকবেন, কোথায় থাকবেন। এখানে উত্তর অবশ্যই ভিসা আবেদনের সঙ্গে মিলতে হবে। স্টাডি পারমিটে এসে "অভিবাসনের জন্য" বা "চাকরি খুঁজতে" এসেছি বললে প্রবেশ নাকচ হতে পারে।
দ্বিতীয়ত, পড়াশোনা: কোন প্রোগ্রাম, কোন প্রতিষ্ঠান, কবে শুরু, কত মেয়াদ, কেন এই প্রতিষ্ঠান বেছে নিলেন এবং আগে কী পড়েছেন। তৃতীয়ত, আর্থিক সামর্থ্য: পড়াশোনার খরচ কে দিচ্ছেন, সঙ্গে কত টাকা আনছেন, কোনো চাকরি ঠিক করা আছে কি না।
চতুর্থ ও সবচেয়ে স্পর্শকাতর ভাগ হলো কানাডায় আত্মীয়স্বজন আছে কি না এবং পড়াশোনা শেষে কী করবেন। প্রতিবেদনে বলা হয়েছে, সৎ কিন্তু সতর্ক উত্তর দিতে হবে। স্নাতকের পর পোস্ট-গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিটের (পিজিডব্লিউপি) জন্য আবেদন করে কাজের অভিজ্ঞতা নেওয়ার কথা বলা সাময়িক অভিপ্রায়ের সঙ্গে সংগতিপূর্ণ। কিন্তু "পড়াশোনা শেষে দেশে না ফিরে স্থায়ীভাবে থেকে যাব" বললে প্রবেশ নাকচ হতে পারে। তবে কানাডার আইনে "ডুয়াল ইনটেন্ট" গ্রহণযোগ্য, অর্থাৎ ভবিষ্যতে পিআর নেওয়ার ইচ্ছা থাকলেও বর্তমান অবস্থান যে সাময়িক, তা স্বীকার করলেই চলে।
সত্য গোপন বা ভুল তথ্য দেওয়ার পরিণতি গুরুতর। ইমিগ্রেশন আইনের ৪০ ধারা অনুযায়ী, কোনো গুরুত্বপূর্ণ তথ্য ভুলভাবে উপস্থাপন বা গোপন করলে ওই ব্যক্তি পাঁচ বছরের জন্য কানাডায় প্রবেশের অযোগ্য হতে পারেন। প্রতিবেদনের মতে, ইচ্ছাকৃত মিথ্যা না হলেও ভুলবশত বা তথ্য বাদ পড়লেও এই ধারা প্রযোজ্য হতে পারে। তাই প্রশ্ন না বুঝলে কর্মকর্তাকে আবার বলতে অনুরোধ করা এবং প্রয়োজনে দোভাষী চাওয়াই নিরাপদ।
বাংলাদেশ থেকে যাঁরা কানাডায় পড়তে যাচ্ছেন, তাঁদের জন্য কিছু প্রস্তুতি জরুরি। পোর্ট অব এন্ট্রি লেটার, স্কুলের গ্রহণপত্র, পাসপোর্ট এবং ভিসা বা ইটিএ হাতব্যাগে রাখুন, চেক-ইন ব্যাগে নয়। প্রদেশভেদে প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটার (পিএএল) বা কুইবেক অ্যাকসেপ্টেন্স সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট বা জিআইসির প্রমাণ, টিউশন ফি পরিশোধের রসিদ ও থাকার ঠিকানাও সঙ্গে রাখা ভালো।
কানাডায় ১০ হাজার কানাডীয় ডলার বা তার বেশি নগদ অর্থ বা সমমূল্যের আর্থিক দলিল নিয়ে ঢুকলে তা ঘোষণা করতে হবে, না করলে অর্থ জব্দ হতে পারে। পারমিট হাতে পাওয়ার পর নাম, জন্ম তারিখ, মেয়াদ এবং কাজের অনুমতির শর্ত ঠিক আছে কি না, কাউন্টারেই যাচাই করে নিন।







