যুক্তরাষ্ট্রে বসবাসরত অধিকাংশ বিদেশি নাগরিককে বাসা পরিবর্তনের ১০ দিনের মধ্যে নতুন ঠিকানা দেশটির নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা ইউএসসিআইএসকে জানাতে হয়। ঠিকানা হালনাগাদ না করলে অভিবাসনসংক্রান্ত গুরুত্বপূর্ণ চিঠি ও নথি যথাসময়ে হাতে না পাওয়ার ঝুঁকি থাকে।
টাইমস অব ইন্ডিয়ার ১৪ অক্টোবর হালনাগাদ করা প্রতিবেদনে এ নিয়মের কথা তুলে ধরা হয়েছে। ইউএসসিআইএসের সরকারি নির্দেশনাতেও ১০ দিনের সময়সীমা উল্লেখ রয়েছে। এটি নতুন বিধিনিষেধ নয়; আগে থেকেই কার্যকর থাকা নিয়ম।
ইউএসসিআইএসের নীতিমালা অনুযায়ী, কোনো আবেদন বিচারাধীন না থাকলেও অধিকাংশ বিদেশি নাগরিকের ঠিকানা পরিবর্তনের তথ্য জানানোর বাধ্যবাধকতা রয়েছে। তবে এ ও জি ভিসাধারী এবং ভিসা ওয়েভার কর্মসূচির আওতায় আসা দর্শনার্থীরা এর বাইরে রয়েছেন।
ঠিকানা পরিবর্তনের জন্য ইউএসসিআইএসের অনলাইন অ্যাকাউন্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া যায়। সংস্থাটির ওয়েবসাইটে ফরম এআর-১১ এবং বিভিন্ন শ্রেণির আবেদনকারীর জন্য প্রয়োজনীয় নির্দেশনাও রয়েছে।
ইউএসসিআইএসের সঙ্গে যোগাযোগের ঠিকানা সঠিক রাখা বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাঁদের জন্য, যাঁদের অভিবাসন সুবিধার আবেদন বিচারাধীন। নতুন ঠিকানা না জানালে প্রয়োজনীয় নোটিশ বা নথি পুরোনো ঠিকানায় পৌঁছাতে পারে।







