যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট শ্রেণির অভিবাসীদের ওয়ার্ক পারমিটের স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধির সুবিধা বন্ধের নিয়ম চূড়ান্ত করেছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)। চূড়ান্ত বিধিটি ১৪ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হয়েছে। ফলে সংশ্লিষ্ট আবেদনকারীদের ক্ষেত্রে সময়মতো নবায়নের আবেদন করলেই বর্তমান অনুমতির মেয়াদ শেষে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ মিলবে না।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারে প্রকাশিত বিধি অনুযায়ী, এটি ৩০ অক্টোবর ২০২৫ সালে চালু হওয়া অন্তর্বর্তী নিয়মের চূড়ান্ত রূপ। জনমত পর্যালোচনার পর আগের বিধানগুলো পরিবর্তন ছাড়াই বহাল রেখেছে ডিএইচএস।
আগে যোগ্য আবেদনকারীরা নির্ধারিত সময়ে এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্ট বা ইএডি নবায়নের আবেদন করলে শর্তসাপেক্ষে সর্বোচ্চ ৫৪০ দিন পর্যন্ত স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধি পেতেন। এতে আবেদন নিষ্পত্তির অপেক্ষায় থাকা অবস্থায় তাঁদের কাজ চালিয়ে যাওয়ার সুযোগ থাকত।
এখন সংশ্লিষ্ট শ্রেণিতে ৩০ অক্টোবর ২০২৫ বা তার পরে জমা দেওয়া নবায়ন আবেদনের ভিত্তিতে সাধারণভাবে ওই সুবিধা পাওয়া যাবে না। অন্য কোনো বৈধ কর্মানুমতি বা প্রযোজ্য ব্যতিক্রম না থাকলে বর্তমান অনুমতির মেয়াদ শেষে কাজ বন্ধ রাখতে হতে পারে।
তবে আগের নিয়মে পাওয়া যোগ্য স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধি বাতিল হচ্ছে না। আইন বা টেম্পোরারি প্রটেক্টেড স্ট্যাটাসসংক্রান্ত ফেডারেল রেজিস্টার বিজ্ঞপ্তির মাধ্যমে দেওয়া কিছু সুবিধাও বহাল থাকছে।
ডিএইচএসের ভাষ্য, নতুন মেয়াদের কর্মানুমতি দেওয়ার আগে আবেদনকারীর যোগ্যতা ও নিরাপত্তাসংক্রান্ত যাচাই নিশ্চিত করাই এই পরিবর্তনের উদ্দেশ্য।








