নিউজিল্যান্ডে চাকরি দেওয়ার বিনিময়ে কর্মীর কাছ থেকে টাকা নেওয়া বেআইনি। সেই অর্থ নিউজিল্যান্ডের বাইরে পরিশোধ করা হলেও একই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে বলে নিশ্চিত করেছেন দেশটির এমপ্লয়মেন্ট কোর্ট।
২০ অক্টোবর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে Immigration New Zealand—আইএনজেড জানিয়েছে, আদালতের এই সিদ্ধান্ত অভিবাসী কর্মীদের শোষণ মোকাবিলায় গুরুত্বপূর্ণ আইনি ভিত্তি তৈরি করেছে।
আইএনজেডের তথ্য অনুযায়ী, নিউজিল্যান্ডের ‘ওয়েজেস প্রোটেকশন অ্যাক্ট ১৯৮৩’ চাকরির বিনিময়ে কর্মীর কাছ থেকে অর্থ নেওয়া নিষিদ্ধ করেছে। তবে বিদেশে এমন লেনদেন হলে আইনটি প্রযোজ্য হবে কি না, তা নিয়ে আগে অস্পষ্টতা ছিল। আদালত নিশ্চিত করেছেন, বিদেশে পরিশোধ করা অর্থও এই নিষেধাজ্ঞার আওতায় পড়ে।
কর্মীর হয়ে পরিবারের সদস্য, বন্ধু বা এজেন্ট টাকা দিলেও নিষেধাজ্ঞা প্রযোজ্য। নিয়োগকর্তার পক্ষে কাজ করা এজেন্ট বা অন্য কেউ অর্থ গ্রহণ করলেও তা এর আওতাভুক্ত।
আইএনজেডের ঝুঁকি ও যাচাইবিষয়ক ন্যাশনাল ম্যানেজার অ্যারন স্মিথ জানিয়েছেন, চাকরি ও বসবাসের প্রতিশ্রুতির বিনিময়ে অভিবাসীদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ নেওয়া শোষণের একটি পুনরাবৃত্ত ধরন।
চাকরির অফার বা ভিসা সহায়তার জন্য টাকা দিতে চাপ কিংবা প্রতারণার শিকার ব্যক্তিদের অভিযোগ জানাতে বলেছে সংস্থাটি।
তবে আইএনজেড স্পষ্ট করেছে, চাকরির প্রতারণায় দেওয়া অর্থ উদ্ধার করে দেওয়ার ক্ষমতা তাদের নেই। সংশ্লিষ্ট নিয়োগকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিভিন্ন উপায় রয়েছে।
এই সিদ্ধান্ত চাকরি দেওয়ার বিনিময়ে আদায় করা অর্থ সম্পর্কে। এটিকে সব সরকারি ভিসা ফি বা বৈধ আবেদন খরচ নিষিদ্ধ হওয়ার ঘোষণা হিসেবে ব্যাখ্যা করা যাবে না।








