নিউজিল্যান্ডে পড়াশোনা শেষ করা নির্দিষ্ট যোগ্যতার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে ছয় মাসের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা’। আগামী ১৬ নভেম্বর ২০২৬ থেকে এই ভিসার আবেদন গ্রহণ শুরু হবে। এর মাধ্যমে যোগ্য গ্র্যাজুয়েটরা দেশটিতে থেকে কাজ করতে এবং দীর্ঘমেয়াদি কর্মসংস্থানের সুযোগ খুঁজতে পারবেন।
ইমিগ্রেশন নিউজিল্যান্ডের প্রকাশিত ঘোষণা অনুযায়ী, প্রচলিত পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার যোগ্য নন—এমন নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন আন্তর্জাতিক গ্র্যাজুয়েটদের জন্য নতুন এই ব্যবস্থা চালু করা হচ্ছে। ভিসার মেয়াদে উপযুক্ত চাকরি পেলে সংশ্লিষ্ট শর্ত পূরণ করে অ্যাক্রেডিটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসায় যাওয়ার সুযোগও থাকতে পারে।
কারা আবেদন করতে পারবেন
আবেদনকারীকে নিউজিল্যান্ড কোয়ালিফিকেশনস অ্যান্ড ক্রেডেনশিয়ালস ফ্রেমওয়ার্কের (এনজেডকিউসিএফ) লেভেল ৫ থেকে ৭-এর মধ্যে নির্ধারিত কোনো যোগ্যতা অর্জন করতে হবে। ওই যোগ্যতার জন্য নিউজিল্যান্ডে অন্তত ২৪ সপ্তাহ পূর্ণকালীন পড়াশোনা করার শর্ত রয়েছে।
তবে ইংরেজি ভাষা শিক্ষা, ফাউন্ডেশন কিংবা ব্রিজিং কোর্স এই ভিসার জন্য গ্রহণযোগ্য হবে না। অর্জিত যোগ্যতাটি এমন হতে হবে, যার ভিত্তিতে আবেদনকারী প্রচলিত পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা পাওয়ার যোগ্য হন না। বাংলাদেশি শিক্ষার্থীরাও এসব শর্ত পূরণ করলে আবেদন করতে পারবেন।
আর্থিক সক্ষমতা ও অন্যান্য শর্ত
নিউজিল্যান্ডে নিজের খরচ চালানোর জন্য আবেদনকারীর কাছে অন্তত পাঁচ হাজার নিউজিল্যান্ড ডলার থাকতে হবে। দেশটিতে থাকার পরিকল্পিত মেয়াদ অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষার সনদ ও বুকের এক্স-রে দেওয়ার শর্তও প্রযোজ্য হবে।
আগে শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা বা পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা পেয়েছেন, এমন ব্যক্তিরা নতুন এই ভিসার জন্য যোগ্য হবেন না। নিউজিল্যান্ড স্কলারশিপ প্রোগ্রামের সহায়তায় পড়াশোনা করে থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অনুমোদনও লাগবে।
ছয় মাস কাজের সুযোগ, বাড়ানো যাবে না মেয়াদ
এই ভিসায় ছয় মাসের উন্মুক্ত কর্মাধিকার থাকবে। তবে কাজ করতে হবে কোনো নিয়োগকর্তার অধীনে কর্মসংস্থান চুক্তি বা সেবা প্রদানের চুক্তির ভিত্তিতে। ব্যবসার মালিক হওয়ার অনুমতি থাকবে না।
একজন ব্যক্তি একবারই এই ভিসা পাবেন। এর মেয়াদ বাড়ানো কিংবা দ্বিতীয়বার একই ভিসার আবেদন করার সুযোগ থাকবে না।
পরিবারের সদস্যদের জন্য কী সুযোগ
এই ভিসাধারীরা তাঁদের সঙ্গীর ওয়ার্ক ভিসা কিংবা সন্তানের ডিপেনডেন্ট চাইল্ড স্টুডেন্ট ভিসার আবেদনে সহায়তাকারী হতে পারবেন না। তবে প্রযোজ্য শর্ত পূরণ হলে পরিবারের সদস্যদের ভিজিটর ভিসার সুযোগ থাকতে পারে। সঙ্গী নিজ যোগ্যতায় ওয়ার্ক ভিসা এবং সন্তান আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে স্টুডেন্ট ভিসার আবেদন করতে পারবে।
আবেদন অনলাইনে
আগামী ১৬ নভেম্বর থেকে ইমিগ্রেশন নিউজিল্যান্ডের এনহ্যান্সড ইমিগ্রেশন অনলাইন ব্যবস্থায় আবেদন করা যাবে। আবেদন জমা দিতে হবে নিউজিল্যান্ডের স্টুডেন্ট ভিসার মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে।
এই সময়সীমার কারণে যাঁদের স্টুডেন্ট ভিসার মেয়াদ ১৬ আগস্ট ২০২৬-এর আগে শেষ হয়েছে, তাঁরা আবেদন শুরুর দিনে নতুন এই ভিসার জন্য যোগ্য হবেন না বলে জানিয়েছে ইমিগ্রেশন নিউজিল্যান্ড।








