অস্ট্রেলিয়ায় পড়তে যাওয়ার জন্য আর্থিক সক্ষমতা প্রমাণের পদ্ধতিতে পরিবর্তনের প্রস্তাব এসেছে। সম্ভাব্য ব্যবস্থাগুলোর মধ্যে রয়েছে আবেদনকারীর নিজের নামে অস্ট্রেলিয়ার ব্যাংক হিসাবে নির্দিষ্ট অর্থ রাখা। তবে কোনো প্রস্তাবই এখনো চূড়ান্ত হয়নি।
দেশটির স্বরাষ্ট্র বিভাগ স্টুডেন্ট ভিসার Genuine Student মূল্যায়ন ও আর্থিক সক্ষমতার কাঠামো সংস্কার নিয়ে মতামত নিচ্ছে। ৩০ অক্টোবর ২০২৬ আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়ান হিলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগের বিস্তারিত জানিয়েছে বিভাগটি।
পরামর্শপত্রে আর্থিক সক্ষমতা যাচাইয়ের চারটি সম্ভাব্য বিকল্প তুলে ধরা হয়েছে। প্রথম তিনটিতে আবেদনকারীর নিজের নামে অস্ট্রেলিয়ার উপযুক্ত ব্যাংক হিসাবে অর্থ রাখার কথা রয়েছে। বিকল্পভেদে অর্থের পরিমাণ, জমা রাখার সময় এবং অর্থ ব্যবহারের পদ্ধতি আলাদা হতে পারে।
কোনো বিকল্পে পুরো কোর্সের টিউশন ও নির্ধারিত জীবনযাত্রার ব্যয়ের ৫০ শতাংশ, অন্যটিতে প্রথম ১২ মাসের সংশ্লিষ্ট ব্যয় রাখার বিষয় আলোচনায় রয়েছে। স্বীকৃত শিক্ষা ঋণ ও অর্থায়নের জন্যও পৃথক বিকল্প বিবেচনা করা হচ্ছে। এগুলো আলোচনার মডেল, কার্যকর শর্ত নয়।
শিক্ষার্থীদের টিউশন ও জীবনযাত্রার ব্যয় মেটানোর অর্থ বাস্তবে রয়েছে কি না এবং তা নিয়মিত ব্যবহারযোগ্য কি না—সেটি আরও নির্ভরযোগ্যভাবে যাচাই করতে চায় স্বরাষ্ট্র বিভাগ।
পাশাপাশি Genuine Student মূল্যায়নের নির্দেশনাও পর্যালোচনা করা হচ্ছে। এই মূল্যায়নের মূল বিষয় হলো, আবেদনকারীর অস্ট্রেলিয়ায় যাওয়ার প্রধান উদ্দেশ্য পড়াশোনা কি না। নতুন শিক্ষার্থী এবং পড়াশোনা চালিয়ে যাওয়া বা পুনরায় শুরু করা শিক্ষার্থীদের পরিস্থিতি আরও স্পষ্টভাবে বিবেচনার প্রস্তাব রয়েছে। প্রস্তাবটির বিষয়ে মতামত দেওয়ার শেষ সময় ২৩ নভেম্বর।
আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠান ২৩ নভেম্বর ২০২৬ অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় গ্রীষ্মকালীন সময় দুপুর ১২টা পর্যন্ত লিখিত মতামত দিতে পারবেন। পাঠানোর ঠিকানা [email protected]।








