অস্ট্রেলিয়ার নাগরিকত্বের আবেদন করতে বয়স অনুযায়ী ভিন্ন নিয়ম অনুসরণ করতে হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (Department of Home Affairs) নির্দেশনা অনুযায়ী, ১৫ বছর বা তার কম বয়সী শিশু, ১৬–১৭ বছর বয়সী কিশোর-কিশোরী, ১৮–৫৯ বছর বয়সী প্রাপ্তবয়স্ক এবং ৬০ বছর বা তার বেশি বয়সীদের নাগরিকত্ব আবেদনের শর্তে পার্থক্য রয়েছে।
অস্ট্রেলিয়ায় নাগরিকত্ব পাওয়ার অন্যতম প্রচলিত পদ্ধতি হলো Citizenship by Conferral। এই পদ্ধতিতে সাধারণত স্থায়ী বাসিন্দা বা Permanent Resident (PR) হিসেবে নির্দিষ্ট যোগ্যতা পূরণের পর নাগরিকত্বের আবেদন করা যায়।
বয়স অনুযায়ী নাগরিকত্বের নিয়ম
১৫ বছর বা তার কম বয়সী
এই বয়সের শিশুরা যোগ্য অভিভাবকের নাগরিকত্ব আবেদনের সঙ্গে অন্তর্ভুক্ত হতে পারে। এ ক্ষেত্রে শিশুকেও সাধারণত স্থায়ী বাসিন্দা হতে হয়।
অভিভাবক নাগরিকত্বের আবেদন না করলে নির্দিষ্ট শর্তে শিশুর জন্য আলাদা আবেদন করা যায়। অভিভাবকের একই আবেদনপত্রে অন্তর্ভুক্ত ১৫ বছর বা তার কম বয়সী শিশুর জন্য আলাদা আবেদন ফি লাগে না।
১৬ ও ১৭ বছর বয়সী
এই বয়সীদের নাগরিকত্বের জন্য নিজস্ব আবেদন জমা দিতে হয়। বাবা-মায়ের আবেদনের সঙ্গে তাদের অন্তর্ভুক্ত করা যায় না।
আবেদনকারীর অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাসের মর্যাদা থাকতে হবে। পাশাপাশি দেশটির সঙ্গে বসবাস ও অন্যান্য যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।
সাধারণ নাগরিকত্ব পরীক্ষায় অংশ নিতে না হলেও সাক্ষাৎকারে আবেদন সম্পর্কে ধারণা, ইংরেজি ভাষার মৌলিক জ্ঞান এবং নাগরিকত্বের দায়িত্ব সম্পর্কে জানতে চাওয়া হতে পারে।
১৮ থেকে ৫৯ বছর বয়সী
এই বয়সের অধিকাংশ আবেদনকারীর জন্য সাধারণ নাগরিকত্ব পরীক্ষা বাধ্যতামূলক।
আবেদনকারীদের স্থায়ী বসবাসের মর্যাদা, নির্ধারিত সময় অস্ট্রেলিয়ায় অবস্থান, মৌলিক ইংরেজি জ্ঞান এবং Good Character বা উত্তম চরিত্রসংক্রান্ত শর্ত পূরণ করতে হয়। নাগরিকত্ব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি অন্যান্য সরকারি যোগ্যতাও পূরণ করতে হবে।
৬০ বছর বা তার বেশি বয়সী
এই বয়সীদের জন্য আলাদা আবেদনপদ্ধতি রয়েছে। তাঁদের সাধারণত নাগরিকত্ব পরীক্ষায় অংশ নিতে হয় না।
তবে স্থায়ী বসবাস, নির্ধারিত সময় অস্ট্রেলিয়ায় অবস্থান, Good Character এবং অন্যান্য প্রযোজ্য শর্ত পূরণ করতে হয়। প্রয়োজন হলে তাঁদের সাক্ষাৎকারে ডাকা হতে পারে।
PR পাওয়ার পর কত বছর থাকতে হবে
অস্ট্রেলিয়ার সাধারণ নাগরিকত্ব আবেদনের ক্ষেত্রে শুধু PR পাওয়ার পর চার বছর অপেক্ষা করার নিয়ম নেই। বরং আবেদনের আগের চার বছরের বৈধ বসবাস এবং শেষ ১২ মাসের স্থায়ী বসবাসের মর্যাদা বিবেচনা করা হয়।
সাধারণ নিয়ম অনুযায়ী—
আবেদনের ঠিক আগের চার বছর অস্ট্রেলিয়ায় বৈধ ভিসায় বসবাস করতে হবে।
শেষ ১২ মাস স্থায়ী বাসিন্দা হিসেবে থাকতে হবে।
আগের চার বছরে মোট ১২ মাসের বেশি অস্ট্রেলিয়ার বাইরে থাকা যাবে না।
আবেদনের আগের শেষ ১২ মাসে মোট ৯০ দিনের বেশি দেশের বাইরে থাকা যাবে না।
তবে নির্দিষ্ট পরিস্থিতিতে বসবাসের শর্তে ব্যতিক্রম বা ছাড়ের সুযোগ রয়েছে।
নাগরিকত্ব পরীক্ষায় কী থাকে
১৮ থেকে ৫৯ বছর বয়সী অধিকাংশ আবেদনকারীকে Australian Citizenship Test দিতে হয়। পরীক্ষায় অস্ট্রেলিয়ার ইতিহাস, গণতান্ত্রিক ব্যবস্থা, আইন, নাগরিক অধিকার, দায়িত্ব ও জাতীয় মূল্যবোধ সম্পর্কে প্রশ্ন করা হয়।
পরীক্ষার সময় ৪৫ মিনিট। এতে ২০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকে। উত্তীর্ণ হতে অন্তত ১৫টি প্রশ্নের সঠিক উত্তর দিতে হয়। পাশাপাশি Australian Values–সংক্রান্ত পাঁচটি প্রশ্নের সব কটির সঠিক উত্তর দেওয়া বাধ্যতামূলক। পরীক্ষাটি ইংরেজি ভাষায় অনুষ্ঠিত হয়।








