অস্ট্রেলিয়ায় ভিজিটর ভিসা নিয়ে গিয়ে অন্য ভিসার আবেদন করা আরও কঠিন হচ্ছে। আগামী ২৮ নভেম্বর থেকে দেশটির ভিজিটর ভিসায় নতুন নিয়ম কার্যকর হবে। নতুন নিয়ম অনুযায়ী, ভিজিটর ভিসায় অস্ট্রেলিয়ায় যাওয়ার পর সাধারণভাবে সেখান থেকে স্টুডেন্ট ভিসা বা কাজের ভিসার আবেদন করা যাবে না।
অস্ট্রেলিয়া সরকারের সরকারি ওয়েবসাইটে ১৩ নভেম্বর প্রকাশিত এক সংশোধনীতে এ তথ্য জানানো হয়েছে। নতুন নিয়ম বাংলাদেশিসহ সংশ্লিষ্ট সব দেশের ভিসা আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে।
অস্ট্রেলিয়ার তিন ধরনের ভিজিটর ভিসায় ‘No Further Stay’ নামে একটি শর্ত বাধ্যতামূলক করা হচ্ছে। এই শর্তের নম্বর ৮৫০৩।
যেসব ভিসায় নতুন নিয়ম কার্যকর হবে, সেগুলো হলো—
Visitor visa (subclass 600)
Electronic Travel Authority (subclass 601)
eVisitor visa (subclass 651)
এর আগে কিছু ভিজিটর ভিসায় এই শর্ত বাধ্যতামূলক ছিল। অন্য কিছু ভিসায় কর্তৃপক্ষ চাইলে শর্তটি যুক্ত করতে পারত। নতুন নিয়মে তিন ধরনের ভিসাতেই শর্তটি বাধ্যতামূলক করা হচ্ছে।
নতুন নিয়ম ২৮ নভেম্বর ২০২৬ বা তার পরে জমা দেওয়া ভিসার আবেদনের ক্ষেত্রে কার্যকর হবে। যাঁরা এর আগে আবেদন করেছেন, তাঁদের ক্ষেত্রে নতুন বাধ্যতামূলক শর্ত স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে না। তবে কারও ভিসায় আগে থেকেই ৮৫০৩ শর্ত থাকলে তাঁকে সেই শর্ত মানতে হবে।
নতুন নিয়মে কিছু ব্যতিক্রমও রাখা হয়েছে। বিশেষ পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার অভিবাসন কর্তৃপক্ষের কাছে ‘No Further Stay’ শর্ত তুলে নেওয়ার আবেদন করা যাবে। তবে এ জন্য উপযুক্ত কারণ থাকতে হবে। আবেদন করলেই ছাড় পাওয়া যাবে, এমন নিশ্চয়তা নেই। এ ছাড়া প্রোটেকশন ভিসার আবেদন এই নিষেধাজ্ঞার বাইরে রয়েছে।







