ক্ষমতায় গেলে অস্ট্রেলিয়ায় দুই বছরের জন্য বার্ষিক নিট বৈদেশিক অভিবাসন এক লাখে নামানোর প্রস্তাব দিয়েছে দেশটির বিরোধী কোয়ালিশন জোট। একই পরিকল্পনায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন ভর্তি বছরে দুই লাখ ৪০ হাজারে সীমিত করার কথা বলা হয়েছে।
৬ অক্টোবর প্রকাশিত নিউজ ডটকম ডটএইউর প্রতিবেদন অনুযায়ী, বিরোধীদলীয় নেতা অ্যাঙ্গাস টেইলর এই পরিকল্পনা তুলে ধরেছেন। তাঁর দাবি, অভিবাসন কমালে আবাসন, সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য অবকাঠামোর ওপর চাপ কমবে।
নিট বৈদেশিক অভিবাসন বলতে শুধু নতুন ভিসা দেওয়া বা বিদেশি নাগরিকদের আগমনের সংখ্যা বোঝায় না। দীর্ঘমেয়াদে বসবাসের জন্য অস্ট্রেলিয়ায় আসা মানুষের সংখ্যা থেকে দেশ ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা বাদ দিয়ে এটি হিসাব করা হয়।
কোয়ালিশনের পরিকল্পনায় চার বছরে অস্থায়ী ভিসাধারীর সংখ্যা প্রায় ছয় লাখ ৫০ হাজার কমানোর কথাও রয়েছে। মানবিক কর্মসূচির আওতায় গ্রহণের সংখ্যা বছরে ১০ হাজারে নামানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
তবে এগুলো বিরোধী জোটের রাজনৈতিক প্রস্তাব। এগুলোকে অস্ট্রেলিয়ার কার্যকর সরকারি অভিবাসন বা শিক্ষার্থী ভিসার নিয়ম হিসেবে বিবেচনা করা যাবে না।






