ইজারল্যান্ডের ETH Zurich বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পড়াশোনার জন্য Excellence Scholarship & Opportunity Programme (ESOP)-এ আবেদন শুরু হবে ১ নভেম্বর ২০২৬। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত। নির্বাচিত শিক্ষার্থীরা ২০২৭ সালের শরৎকালীন সেমিস্টারে পড়াশোনা শুরু করবেন।
বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা জীবনযাপন ও পড়াশোনার ব্যয় বাবদ প্রতি সেমিস্টারে ১৩ হাজার ৫০০ সুইস ফ্রাঁ পাবেন। পাশাপাশি তাঁদের টিউশন ফি মওকুফ করা হবে। মাস্টার্স প্রোগ্রামের নিয়মিত মেয়াদ অনুযায়ী তিন বা চার সেমিস্টার পর্যন্ত এই অর্থায়ন দেওয়া হবে।
২০২৭–২৮ শিক্ষাবর্ষে প্রায় ৬০টি ESOP স্কলারশিপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে চূড়ান্ত সংখ্যা অর্থের প্রাপ্যতার ওপর নির্ভর করবে। অর্থায়নের পাশাপাশি নির্বাচিত শিক্ষার্থীরা পরামর্শ ও ETH Foundation-এর নেটওয়ার্কের সুবিধা পাবেন।

আবেদনের যোগ্যতা
আবেদনকারীদের স্নাতক পর্যায়ে অত্যন্ত ভালো ফলাফল থাকতে হবে। বিশ্ববিদ্যালয় নিজের স্নাতক প্রোগ্রামের সেরা ১০ শতাংশের মধ্যে থাকার মানদণ্ড উল্লেখ করেছে। যোগ্য বাংলাদেশি শিক্ষার্থীরাও সংশ্লিষ্ট মাস্টার্স প্রোগ্রামের ভর্তি শর্ত পূরণ করে আবেদন করতে পারবেন।
ইতোমধ্যে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন অথবা ETH Zurich-এর মাস্টার্স প্রোগ্রামে ভর্তি আছেন—এমন শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য যোগ্য নন।
যেভাবে আবেদন
বিশ্ববিদ্যালয়ের অনলাইন মাস্টার্স আবেদনব্যবস্থা eApply-এর মাধ্যমে আবেদন করতে হবে। ভর্তির প্রয়োজনীয় নথির পাশাপাশি নিজের তৈরি মাস্টার্স থিসিসের প্রাথমিক গবেষণা প্রস্তাব জমা দিতে হবে। প্রস্তাবে যথাযথভাবে তথ্যসূত্র উল্লেখ করা জরুরি।
নির্বাচিত কোর্সে সুপারিশপত্র চাওয়া না হলে ESOP আবেদনের জন্য দুজন অধ্যাপকের নাম দিতে হবে। তাঁরা আবেদনব্যবস্থার নির্দেশনা অনুযায়ী সুপারিশপত্র জমা দেবেন। নির্বাচনের অংশ হিসেবে ফোন বা ভিডিও সাক্ষাৎকারও নেওয়া হতে পারে।
বিশ্ববিদ্যালয়ের ঘোষণা অনুযায়ী, বৃত্তি নির্বাচনের সিদ্ধান্ত মার্চের শেষ নাগাদ জানানো হবে। আগ্রহীদের আবেদন শুরুর আগেই কোর্সের যোগ্যতা, প্রয়োজনীয় নথি ও গবেষণা প্রস্তাবের নির্দেশনা দেখে প্রস্তুতি নেওয়া উচিত।
বিস্তারিত: ETH Zurich-এর ESOP স্কলারশিপের অফিসিয়াল পেজ






