সুইজারল্যান্ডের ইটিএইচ জুরিখ(ETH Zurich) বৃত্তি নিয়ে স্নাতকোত্তর পড়ার আবেদন শুরু হবে ১ নভেম্বর। বিশ্ববিদ্যালয়টির ‘এক্সেলেন্স স্কলারশিপ অ্যান্ড অপরচুনিটি প্রোগ্রাম’ বা ইএসওপির আওতায় ২০২৭ সালের শরৎকালীন সেমিস্টারের জন্য আবেদন করা যাবে।
ইটিএইচ জুরিখের ওয়েবসাইট অনুযায়ী, আবেদন শেষ হবে ৩০ নভেম্বর ২০২৬, সুইজারল্যান্ডের স্থানীয় সময় সকাল ১১টা ৫৯ মিনিটে। ২০২৭–২৮ শিক্ষাবর্ষে প্রায় ৬০টি বৃত্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে তহবিলের ওপর চূড়ান্ত সংখ্যা নির্ভর করবে।
টিউশন ফি মওকুফ ও আর্থিক সহায়তা
এই বৃত্তিতে টিউশন ফি মওকুফ করা হবে। পাশাপাশি ২০২৭ সালের শরৎকালীন সেমিস্টার থেকে পড়াশোনা ও জীবনযাপনের খরচের জন্য প্রতি সেমিস্টারে ১৩ হাজার ৫০০ সুইস ফ্রাঁ দেওয়া হবে। কোর্সের নিয়মিত মেয়াদ অনুযায়ী তিন বা চার সেমিস্টার এই সহায়তা পাওয়া যাবে। বৃত্তির সঙ্গে মেন্টরশিপ এবং ইটিএইচ ফাউন্ডেশনের নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগও রয়েছে।
কারা আবেদন করতে পারবেন
আবেদনকারীর স্নাতকের ফল নিজ বিভাগের সেরা ১০ শতাংশ শিক্ষার্থীর মানের হতে হবে। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এই মান প্রাথমিকভাবে আবেদনকারীর নিজের মূল্যায়নের ভিত্তিতে নির্ধারিত হবে।
আগে থেকেই স্নাতকোত্তর ডিগ্রি থাকলে বা ইটিএইচ জুরিখের কোনো স্নাতকোত্তর কোর্সে বর্তমানে ভর্তি থাকলে ইএসওপিতে আবেদন করা যাবে না।
আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র
বিশ্ববিদ্যালয়ের ই-অ্যাপ্লাই পোর্টালে স্নাতকোত্তরে ভর্তির আবেদনের সঙ্গে বৃত্তির আবেদন করতে হবে। ভর্তির প্রয়োজনীয় কাগজপত্রের পাশাপাশি সম্ভাব্য মাস্টার্স থিসিসের একটি প্রাথমিক গবেষণা প্রস্তাব জমা দিতে হবে। প্রস্তাবটি আবেদনকারীকে নিজে তৈরি করতে হবে।
সংশ্লিষ্ট কোর্সে সুপারিশপত্র চাওয়া না হলে বৃত্তির আবেদনের জন্য দুজন অধ্যাপকের নাম দিতে হবে। তাঁদের কাছে অনলাইনে সুপারিশপত্র জমা দেওয়ার অনুরোধ পাঠানো হবে।
বাছাইয়ের অংশ হিসেবে ফেব্রুয়ারিতে ফোন বা ভিডিও সাক্ষাৎকার হতে পারে। বৃত্তির সিদ্ধান্ত মার্চের শেষ নাগাদ জানানো হবে।
বিস্তারিত শর্ত ও আবেদনপদ্ধতি পাওয়া যাবে ইটিএইচ জুরিখের ইএসওপি ওয়েবপেজে।







