ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে একটি বিশেষ ফ্লাইটে তাঁরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ছয়জন এসেছেন। ইমিগ্রেশন পুলিশ ও বিমানবন্দর সূত্র জানিয়েছে, সকাল সোয়া আটটার দিকে পিভিজি ৯৪৪৫ নম্বর ফ্লাইটটি ঢাকায় পৌঁছায়।
ঢাকার ইতালি দূতাবাস এক বার্তায় জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ব্যবস্থাপনা সংস্থা ফ্রন্টেক্সের ব্যবস্থাপনায় প্রত্যাবাসন ফ্লাইটটি পরিচালনা করা হয়।
বিমানবন্দরে ফেরত আসা ব্যক্তিদের জরুরি সহায়তা ও কাউন্সেলিং দেয় ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। বাড়ি ফেরার জন্য তাঁদের আর্থিক সহায়তাও দেওয়া হয়। এ কাজে সহযোগিতা করে সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসীকল্যাণ ডেস্ক। সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
অনিয়মিতভাবে ইউরোপে থাকা বাংলাদেশিদের দেশে ফেরানোর বিষয়ে ২০১৭ সালে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস বা এসওপি চুক্তি করে বাংলাদেশ সরকার। এই ব্যবস্থার আওতায় এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক ফিরেছেন সাইপ্রাস, ইতালি, রোমানিয়া ও ফ্রান্স থেকে।






