Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter

অনুসরণ করুন

সাইট সূচি

  • আমাদের সম্পর্কে
  • ভিডিও
  • শর্তাবলী
  • গোপনীয়তা
  • যোগাযোগ
  • আর্কাইভ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

সর্বশেষ খবর, সবসময় আপনার হাতের মুঠোয়

Get it onGoogle PlayDownload on theApp Store

© ২০২৬ Abroad Chapter. সর্বস্বত্ব সংরক্ষিত।

Abroad Chapter

Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
ইউরোপঅভিবাসনভিসা

ইউরোপে নতুন সম্ভাবনা: মাল্টায় চাকরি, স্থায়ী বসবাস ও নাগরিকত্ব

মাল্টা বর্তমানে বিদেশি কর্মীদের জন্য একটি আকর্ষণীয় কর্মসংস্থানের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। পর্যটন, হোটেল-রেস্তোরাঁ, নির্মাণ, স্বাস্থ্যসেবা এবং তথ্যপ্রযুক্তি খাতে কর্মীর চাহিদা বাড়ছে।

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০০:১১

ইউরোপে নতুন সম্ভাবনা: মাল্টায় চাকরি, স্থায়ী বসবাস ও নাগরিকত্ব

ইউরোপের ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র মাল্টা (Malta) বর্তমানে বিদেশি কর্মীদের জন্য একটি সম্ভাবনাময় কর্মসংস্থানের গন্তব্য। পর্যটন, হোটেল-রেস্তোরাঁ, নির্মাণ, স্বাস্থ্যসেবা, উৎপাদন, পরিচ্ছন্নতা এবং তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে দেশটিতে বিদেশি কর্মীর চাহিদা রয়েছে। ফলে বাংলাদেশ থেকেও অনেকেই মাল্টায় কাজের সুযোগ খুঁজছেন।

তবে মাল্টায় চাকরি পাওয়া, বৈধভাবে কাজের অনুমতি অর্জন, দীর্ঘমেয়াদি বসবাসের অধিকার এবং নাগরিকত্ব লাভ—চারটি বিষয় এক নয়। প্রতিটি পর্যায়ের জন্য আলাদা যোগ্যতা, কাগজপত্র ও আইনি প্রক্রিয়া রয়েছে। বিশেষ করে বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে চাকরির প্রস্তাব, নিয়োগকর্তার ভূমিকা এবং বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই প্রতিবেদনে মাল্টায় বাংলাদেশিদের কাজের সুযোগ থেকে শুরু করে ওয়ার্ক পারমিট, স্থায়ী বসবাস এবং নাগরিকত্ব পাওয়ার নিয়ম ও আবেদনপ্রক্রিয়া তুলে ধরা হলো।

আরও পড়ুন

জাপানে ওয়ার্ক পারমিট, স্থায়ী বসবাস ও নাগরিকত্ব: বাংলাদেশিদের জন্য সম্পূর্ণ নির্দেশিকা

৩০ অক্টোবর ২০২৬
জাপানে ওয়ার্ক পারমিট, স্থায়ী বসবাস ও নাগরিকত্ব: বাংলাদেশিদের জন্য সম্পূর্ণ নির্দেশিকা

মাল্টায় কোন কোন খাতে বাংলাদেশিরা কাজের সুযোগ পেতে পারেন?

মাল্টার সরকারি কর্মসংস্থান সংস্থা Jobsplus-এর প্রকাশিত ২০২৫ সালের তথ্য অনুযায়ী, দেশটিতে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ থেকে আসা কর্মীরা বিভিন্ন অর্থনৈতিক খাতে নিয়োজিত রয়েছেন। বিশেষ করে সেবা, বিক্রয়, আবাসন, খাদ্য, নির্মাণ, উৎপাদন এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে বিদেশি কর্মীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য।

বাংলাদেশি চাকরিপ্রার্থীরা যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী যেসব পেশায় আবেদন করতে পারেন, সেগুলোর মধ্যে রয়েছে:

কাজের ধরন (বাংলা)

English Job Title

হোটেল কর্মী

Hotel Staff

রাঁধুনি

Chef / Cook

রেস্তোরাঁ কর্মী

Restaurant Worker

পরিচ্ছন্নতাকর্মী

Cleaner

নির্মাণশ্রমিক

Construction Worker

ইলেকট্রিশিয়ান

Electrician

প্লাম্বার

Plumber

গুদামকর্মী

Warehouse Operative

উৎপাদনকর্মী

Production Operator

গাড়িচালক

Driver

বয়স্কদের পরিচর্যাকারী

Elderly Care Assistant

সফটওয়্যার ডেভেলপার

Software Developer

হিসাবরক্ষক

Accountant

তবে এসব পেশার তালিকা চাকরির নিশ্চয়তা নয়। নিয়োগকর্তার চাহিদা, প্রার্থীর দক্ষতা, যোগ্যতা, বেতন এবং সংশ্লিষ্ট পেশার শর্তের ওপর নিয়োগ নির্ভর করে।

মাল্টার ওয়ার্ক পারমিট: কীভাবে কাজের অনুমতি পাবেন?

বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। তাই বাংলাদেশের নাগরিকরা মাল্টায় কাজ করতে চাইলে সাধারণত Third-Country National (TCN) হিসেবে বিবেচিত হন। তাদের জন্য সবচেয়ে প্রচলিত ব্যবস্থা হলো Single Permit।

মাল্টার সরকারি সংস্থা Identità-এর নিয়ম অনুযায়ী, Single Permit একই আবেদনের মাধ্যমে কর্মসংস্থানের অনুমতি এবং বসবাসের অনুমতি প্রদান করে। এটি সাধারণত ছয় মাসের বেশি সময়ের চাকরির জন্য প্রযোজ্য এবং নির্দিষ্ট শর্তে নবায়নযোগ্য।

আবেদনের প্রধান শর্ত

১. মাল্টায় নিবন্ধিত ও পরিচালিত কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে বৈধ চাকরির প্রস্তাব থাকতে হবে।

২. নিয়োগকর্তাকে Jobsplus-এ নিবন্ধিত হতে হবে।

৩. আবেদনকারীকে নির্দিষ্ট পদ ও নিয়োগকর্তার অধীনে কাজ করতে হবে।

৪. প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতার প্রমাণ দিতে হবে।

৫. প্রযোজ্য স্বাস্থ্যবিমা ও স্বাস্থ্য পরীক্ষার শর্ত পূরণ করতে হবে।

গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাংলাদেশি কর্মী নিজে সরাসরি সাধারণ Single Permit আবেদন জমা দিতে পারেন না। মাল্টার নিয়োগকর্তাকেই তার পক্ষে অনলাইনে আবেদন করতে হয়।

২০২৬ সাল থেকে নতুন প্রি-ডিপার্চার কোর্স বাধ্যতামূলক

মাল্টায় বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়ায় ২০২৬ সালে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। ১ মার্চ ২০২৬ থেকে প্রথমবার Single Permit-এর জন্য আবেদনকারী বিদেশি কর্মীদের Pre-Departure Course Certificate যাচাই করা হচ্ছে।

এই কোর্সে দুটি অনলাইন মডিউল রয়েছে:

  • Living and Working in Malta

  • Rights and Obligations at the Workplace

প্রতিটি মডিউলে শেখার উপকরণ ও মূল্যায়ন রয়েছে। পাশাপাশি ইংরেজি ভাষার দক্ষতা এবং কোর্সের বিষয়বস্তু বোঝার সক্ষমতা যাচাইয়ের জন্য অনলাইন সাক্ষাৎকার দিতে হয়।

সরকারি নির্দেশনা অনুযায়ী, কোর্সের নির্ধারিত ফি ২৫০ ইউরো ( প্রায় ৩৫,০০ টাকা )। পর্যটন ও হসপিটালিটি খাতের কিছু পদের জন্য অতিরিক্ত Tourism and Hospitality Skills Pass-ও প্রয়োজন।

ওয়ার্ক পারমিট আবেদনের ধাপে ধাপে প্রক্রিয়া

প্রথম ধাপ: চাকরি খুঁজে বের করা

বাংলাদেশি প্রার্থীরা মাল্টার কোম্পানির নিজস্ব ওয়েবসাইট, Jobsplus এবং EURES-এর মাধ্যমে চাকরি খুঁজতে পারেন। চাকরির প্রস্তাব পাওয়ার পর প্রতিষ্ঠানের নিবন্ধন ও নিয়োগের সত্যতা যাচাই করতে হবে।

দ্বিতীয় ধাপ: প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত

সাধারণত যেসব কাগজপত্র প্রয়োজন হয়:

  • বৈধ পাসপোর্ট।

  • Europass ফরম্যাটে সিভি।

  • শিক্ষাগত যোগ্যতার সনদ।

  • অভিজ্ঞতার সনদ।

  • নিয়োগপত্র ও স্বাক্ষরিত চাকরির চুক্তি।

  • স্বাস্থ্যবিমার কাগজপত্র।

  • প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষার সনদ।

  • মাল্টায় থাকার ঠিকানার প্রমাণ।

  • প্রযোজ্য Pre-Departure Course Certificate।

পদের ধরন অনুযায়ী অতিরিক্ত নথি চাইতে পারে Identità। পাসপোর্ট আবেদনের সময় কমপক্ষে আট মাস বৈধ থাকা এবং স্বাস্থ্যবিমায় ন্যূনতম ১ লাখ ইউরোর কভারেজের শর্তও সরকারি নথিতে উল্লেখ রয়েছে।

তৃতীয় ধাপ: নিয়োগকর্তার আবেদন

মাল্টার নিয়োগকর্তা Identità-এর Single Permit Online Portal ব্যবহার করে আবেদন করবেন। আবেদন জমা দেওয়ার পর কর্মী ই-মেইলে একটি লিংক পাবেন। সেখানে নিজের তথ্য যাচাই করে আবেদন নিশ্চিত করতে হবে।

চতুর্থ ধাপ: অনুমোদন ও ভিসা

আবেদন অনুমোদিত হলে Approval in Principle (AIP) দেওয়া হতে পারে। বাংলাদেশি নাগরিকদের মাল্টায় প্রবেশের জন্য প্রযোজ্য ভিসা নিতে হবে। AIP নিয়ে কাজ শুরু করার অনুমতি নেই। মাল্টায় পৌঁছে বায়োমেট্রিক প্রক্রিয়া এবং প্রয়োজনীয় চূড়ান্ত অনুমোদন সম্পন্ন করতে হবে।

পঞ্চম ধাপ: মাল্টায় কাজ শুরু

বৈধভাবে কাজের অনুমোদন পাওয়ার পর নির্দিষ্ট নিয়োগকর্তার অধীনে কাজ শুরু করতে পারবেন। অনুমতি ছাড়া অন্য প্রতিষ্ঠানে কাজ করা যাবে না।

Identità-এর তথ্য অনুযায়ী, Single Permit আবেদনের আইনগত প্রক্রিয়াকরণ সময় সর্বোচ্চ চার মাস হতে পারে। সম্পূর্ণ কাগজপত্রসহ আবেদনের ক্ষেত্রে গড় সময় প্রায় দুই মাস।

ওয়ার্ক পারমিটের ফি কত?

Identità-এর প্রকাশিত ফি অনুযায়ী:

আবেদনের ধরন

ইউরো

বাংলাদেশি টাকা (প্রায়)

প্রথমবার Single Permit

€600

৳৮৩,৩৯৪

বার্ষিক নবায়ন

€150

৳২০,৮৪৯

Pre-Departure Course

€250

৳৩৪,৭৪৮

হিসাবের ভিত্তি: ১ ইউরো = ১৩৮.৯৯ টাকা, ৩১ অক্টোবর ২০২৬-এর প্রাপ্ত বিনিময় হার। ব্যাংক ও মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের হারে পার্থক্য হতে পারে। অন্যান্য খরচ এতে অন্তর্ভুক্ত নয়।

এ ছাড়া বাংলাদেশে ভিসা আবেদনকেন্দ্রের সার্ভিস চার্জ, ভ্রমণ, কাগজপত্র অনুবাদ, স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য প্রযোজ্য খরচ রয়েছে।

মাল্টায় স্থায়ী বসবাসের অনুমতি (Permanent Residence / Long-Term Residence)

মাল্টায় দীর্ঘদিন বৈধভাবে বসবাস ও কাজ করার পর বিদেশি নাগরিকরা Long-Term Residence Status-এর জন্য আবেদন করতে পারেন। এটি দীর্ঘমেয়াদি বা স্থায়ী বসবাসের একটি গুরুত্বপূর্ণ আইনি পথ।

Identità-এর নিয়ম অনুযায়ী, সাধারণভাবে আবেদনকারীর জন্য নিম্নলিখিত শর্তগুলো পূরণ করা প্রয়োজন:

১. মাল্টায় অন্তত পাঁচ বছর বৈধ ও ধারাবাহিকভাবে বসবাস করতে হবে।

২. পাঁচ বছরের মধ্যে একটানা ছয় মাসের বেশি দেশের বাইরে থাকা যাবে না এবং মোট অনুপস্থিতি দশ মাসের বেশি হতে পারবে না।

৩. নিয়মিত ও পর্যাপ্ত আর্থিক আয়ের প্রমাণ থাকতে হবে।

৪. আবেদনের আগের দুই বছর অন্তত জাতীয় ন্যূনতম মজুরির সমপরিমাণ আয় থাকতে হবে।

৫. উপযুক্ত আবাসন বা থাকার ব্যবস্থা থাকতে হবে।

৬. সরকারি ইন্টিগ্রেশন শর্ত পূরণ করতে হবে।

ইন্টিগ্রেশন কোর্স ও ভাষার যোগ্যতা

মাল্টার I Belong Programme-এর অধীনে ১০০ ঘণ্টার Cultural Orientation Course সম্পন্ন করতে হয় এবং চূড়ান্ত পরীক্ষায় কমপক্ষে ৭৫ শতাংশ নম্বর পেতে হয়। পাশাপাশি Maltese ভাষায় MQF Level 2 পরীক্ষায় অন্তত ৬৫ শতাংশ নম্বর অর্জন করতে হয়।

স্থায়ী বসবাসের আবেদনের পদ্ধতি

  • পাঁচ বছরের বৈধ বসবাসের প্রমাণ সংগ্রহ করতে হবে।

  • পাসপোর্ট, রেসিডেন্স কার্ড, চাকরির ইতিহাস ও আয়ের নথি প্রস্তুত করতে হবে।

  • গত পাঁচ বছরের ভ্রমণ ও মাল্টায় অনুপস্থিতির তথ্য দিতে হবে।

  • আবাসন চুক্তি এবং আর্থিক সামর্থ্যের প্রমাণ দিতে হবে।

  • I Belong Course ও ভাষা পরীক্ষার সনদ সংগ্রহ করতে হবে।

  • Identità-এর অনলাইন পোর্টালে Form L পূরণ করে আবেদন জমা দিতে হবে।

Long-Term Residence আবেদনের সরকারি ফি ৫০০ ইউরো, যা প্রাপ্ত বিনিময় হার অনুযায়ী প্রায় ৬৯,৪৯৫ টাকা। অনুমোদিত হলে এই মর্যাদা স্থায়ী হলেও রেসিডেন্স পারমিট কার্ড পাঁচ বছরের জন্য ইস্যু করা হয়।

মনে রাখতে হবে: পাঁচ বছর মাল্টায় বসবাস করলেই স্বয়ংক্রিয়ভাবে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া যায় না। সব যোগ্যতা ও নথি যাচাইয়ের পর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়।

মাল্টার নাগরিকত্ব: বাংলাদেশিরা কীভাবে আবেদন করবেন?

মাল্টার নাগরিকত্ব অর্জনের একটি প্রচলিত পদ্ধতি হলো Citizenship by Naturalisation বা স্বাভাবিকীকরণের মাধ্যমে নাগরিকত্ব লাভ। তবে দীর্ঘদিন মাল্টায় বসবাস করলেই নাগরিকত্ব নিশ্চিত হয় না। এ ক্ষেত্রে আবেদনকারীর বসবাসের ইতিহাস, চরিত্র, ভাষাগত দক্ষতা এবং অন্যান্য যোগ্যতা বিবেচনা করা হয়।

নাগরিকত্ব পাওয়ার প্রধান যোগ্যতা

মাল্টার Citizenship Act (Chapter 188) অনুযায়ী, সাধারণ Naturalisation-এর জন্য আবেদনকারীকে:

  • কমপক্ষে ১৮ বছর বয়সী হতে হবে।

  • আবেদনের ঠিক আগের ১২ মাস মাল্টায় ধারাবাহিকভাবে বসবাস করতে হবে।

  • ওই ১২ মাসের আগের ছয় বছরের মধ্যে মোট অন্তত চার বছর মাল্টায় বসবাসের প্রমাণ দিতে হবে।

  • ভালো নৈতিক চরিত্রের অধিকারী হতে হবে।

  • ইংরেজি অথবা মাল্টিজ ভাষায় পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।

  • মাল্টার উপযুক্ত নাগরিক হওয়ার যোগ্যতা থাকতে হবে।

নাগরিকত্বের আবেদনপ্রক্রিয়া

১. প্রথমে Aġenzija Komunità Malta-এর সঙ্গে যোগাযোগ করে নিজের বসবাসের যোগ্যতা যাচাই করতে হবে।

২. বর্তমান ও পুরোনো পাসপোর্টের মাধ্যমে বসবাসের ইতিহাস প্রমাণ করতে হবে।

৩. জন্মসনদ, বিবাহের সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), রেসিডেন্স পারমিট, পুলিশ ক্লিয়ারেন্স, চাকরির ইতিহাস এবং মাল্টায় বসবাসের প্রমাণ প্রস্তুত করতে হবে।

৪. সাধারণত দুজন উপযুক্ত স্পনসরের তথ্যও দিতে হয়। তারা আবেদনকারীর আত্মীয় হতে পারবেন না।

৫. প্রয়োজনীয় নথি জমা দিয়ে Form E-এর মাধ্যমে আবেদন করতে হবে।

৬. কর্তৃপক্ষের যাচাই-বাছাই শেষে আবেদন অনুমোদিত হলে নির্ধারিত শপথ গ্রহণ ও নাগরিকত্ব সনদ সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

নাগরিকত্বের আবেদন ফি

প্রকাশিত সরকারি নির্দেশিকায় Naturalisation আবেদনের ফি ৪৫০ ইউরো এবং নাগরিকত্ব অনুমোদিত হলে সনদ সংগ্রহের সময় অতিরিক্ত ৫০ ইউরোর কথা উল্লেখ রয়েছে।

খরচ

ইউরো

বাংলাদেশি টাকা (প্রায়)

আবেদন ফি

€450

৳৬২,৫৪৬

সনদ সংগ্রহের ফি

€50

৳৬,৯৫০

মোট

€500

৳৬৯,৪৯৫

তবে আবেদন ফি ও যোগ্যতার শর্ত পরিবর্তিত হতে পারে। আবেদনের আগে Aġenzija Komunità Malta-এর কাছ থেকে সর্বশেষ তথ্য যাচাই করা জরুরি।

সূত্র: Malta Citizenship Act এবং Naturalisation সংক্রান্ত সরকারি নির্দেশিকা।

বিশেষ সতর্কতা: সাধারণ Naturalisation-এর ক্ষেত্রে নির্ধারিত বসবাসের সময় পূরণ করলেই নাগরিকত্ব নিশ্চিত হয় না। মাল্টার সংশ্লিষ্ট মন্ত্রীর বিবেচনায় আবেদন মঞ্জুর বা প্রত্যাখ্যাত হতে পারে। অন্যদিকে মাল্টা দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করলেও বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে বাংলাদেশের দ্বৈত নাগরিকত্বসংক্রান্ত আইন ও যোগ্যতা আলাদাভাবে যাচাই করতে হবে।

বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ

মাল্টায় যাওয়ার পরিকল্পনা করার আগে কয়েকটি বিষয় বিশেষভাবে মনে রাখা দরকার।

১. দালালের প্রতারণা থেকে সাবধান: চাকরি বা ওয়ার্ক পারমিট নিশ্চিত করার নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যাচাই ছাড়া বড় অঙ্কের টাকা দেবেন না।

২. নিয়োগকর্তার পরিচয় যাচাই: কোম্পানির নিবন্ধন, ঠিকানা, চাকরির চুক্তি এবং বেতনের তথ্য যাচাই করুন।

৩. ভিজিট ভিসায় কাজ নয়: পর্যটক হিসেবে মাল্টায় গিয়ে অনুমতি ছাড়া কাজ করা আইনত বৈধ নয়।

৪. বেতন ও চুক্তি বুঝে নিন: কাজের সময়, ওভারটাইম, ছুটি, আবাসন এবং বেতন থেকে সম্ভাব্য কর্তনের বিষয়গুলো চুক্তিতে পরিষ্কার থাকতে হবে।

৫. নিজের নথি সংরক্ষণ করুন: পাসপোর্ট, ভিসা, রেসিডেন্স কার্ড, চাকরির চুক্তি, বেতন স্লিপ ও করসংক্রান্ত নথির কপি রাখুন।

৬. স্থায়ী বসবাসের পরিকল্পনা করুন: পাঁচ বছরের বসবাসের হিসাব, বিদেশে অবস্থানের সময় এবং ইন্টিগ্রেশন কোর্সের শর্ত শুরু থেকেই অনুসরণ করুন।

প্রয়োজনীয় সরকারি ও নির্ভরযোগ্য ওয়েবসাইট

মাল্টায় কাজ, বসবাস এবং নাগরিকত্বের জন্য নিচের ওয়েবসাইটগুলো থেকে সরাসরি তথ্য সংগ্রহ করুনঃ

  • Identità Malta — ওয়ার্ক পারমিট, Single Permit ও রেসিডেন্স পারমিট।

  • Jobsplus Malta — চাকরির বিজ্ঞপ্তি ও কর্মসংস্থানসংক্রান্ত তথ্য।

  • Malta Pre-Departure Course — বিদেশি কর্মীদের বাধ্যতামূলক কোর্স।

  • Aġenzija Komunità Malta — নাগরিকত্বের আবেদন ও যোগ্যতা।

  • EURES — ইউরোপের চাকরির সুযোগ।

  • Skills Pass Malta — প্রি-ডিপার্চার ও খাতভিত্তিক দক্ষতার সনদ।

  • VFS Global Bangladesh – Malta — বাংলাদেশ থেকে মাল্টার ভিসা আবেদনসংক্রান্ত তথ্য।

  • Malta Citizenship Act, Chapter 188 — নাগরিকত্বসংক্রান্ত আইন।

বাংলাদেশিদের জন্য মাল্টা ইউরোপে কর্মসংস্থান ও দীর্ঘমেয়াদি বসবাসের একটি সম্ভাবনাময় গন্তব্য হতে পারে। তবে দেশটিতে যাওয়ার আগে বৈধ চাকরি, Single Permit, প্রি-ডিপার্চার কোর্স এবং ভিসার নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে।

বিশেষ করে ২০২৬ সালে চালু হওয়া নতুন কর্মী নিয়োগসংক্রান্ত নিয়মগুলো বাংলাদেশি চাকরিপ্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। তাই কোনো এজেন্সির কথায় নির্ভর না করে মাল্টার সরকারি ওয়েবসাইট থেকে তথ্য যাচাই করে আবেদন করাই নিরাপদ।

Tags:#নাগরিকত্ব#মাল্টা অভিবাসন#কাজের অনুমতি#স্থায়ী বসবাস#অভিবাসন নির্দেশিকা#মাল্টা ভিসা#মাল্টা নাগরিকত্ব#মাল্টায় কাজ

আরও পড়ুন

Imperial College London

ইম্পেরিয়াল কলেজ লন্ডন: বিশ্বমানের শিক্ষা,বৃত্তি ও ভর্তি প্রক্রিয়া

যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়: ভর্তি, বৃত্তি ও পড়াশোনা

যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়: ভর্তি, বৃত্তি ও পড়াশোনা

Oxford University

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা: ভর্তি, বৃত্তি, খরচ ও আবাসন সম্পর্কে পূর্ণাঙ্গ গাইড

বাকিংহাম প্যালেস: ব্রিটিশ রাজপরিবারের ঐতিহ্য, রাজকীয় স্থাপত্য ও পর্যটনের এক অনন্য গন্তব্য

বাকিংহাম প্যালেস: ব্রিটিশ রাজপরিবারের ঐতিহ্য, রাজকীয় স্থাপত্য ও পর্যটনের এক অনন্য গন্তব্য

যুক্তরাজ্যের নাগরিকত্ব: যোগ্যতা, শর্ত ও আবেদন প্রক্রিয়া

যুক্তরাজ্যের নাগরিকত্ব: যোগ্যতা, শর্ত ও আবেদন প্রক্রিয়া

কেন লন্ডনের পর্যটনের আকর্ষণ বিগ বেন ও ওয়েস্টমিনস্টার

কেন লন্ডনের পর্যটনের আকর্ষণ বিগ বেন ও ওয়েস্টমিনস্টার

প্রস্তাবিত ভিডিও

সৌদি আরবে ওয়ার্ক পারমিটের নতুন নিয়ম: ৩ শ্রেণিতে বিদেশি কর্মী | Saudi Work Visa

সৌদি আরবে ওয়ার্ক পারমিটের নতুন নিয়ম: ৩ শ্রেণিতে বিদেশি কর্মী | Saudi Work Visa

সম্পর্কিত খবর

ইউরোপে দীর্ঘমেয়াদি আবাসিক মর্যাদা: গ্রিসে PR পাওয়ার শর্ত ও প্রক্রিয়া

ইউরোপে দীর্ঘমেয়াদি আবাসিক মর্যাদা: গ্রিসে PR পাওয়ার শর্ত ও প্রক্রিয়া

লুক্সেমবার্গে উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ১০টি বিশ্ববিদ্যালয়

লুক্সেমবার্গে উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ১০টি বিশ্ববিদ্যালয়

১১ দিন আগে
ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ: ৭৭৬ জন দক্ষ হিসেবে স্বীকৃত

ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ: ৭৭৬ জন দক্ষ হিসেবে স্বীকৃত

৭ দিন আগে
প্রতীকী ছবি

কোটার বাইরেও ইতালিতে কাজের সুযোগ বাংলাদেশিদের

১৪ দিন আগে
ইতালিতে কাজের সুযোগ: বাংলাদেশিদের উপযুক্ত ২০টি পেশা

ইতালিতে কাজের সুযোগ: বাংলাদেশিদের উপযুক্ত ২০টি পেশা

১৮ দিন আগে