ফ্রান্সে সৃজনশীল ও বিপণন খাতের তরুণ পেশাজীবীদের জন্য সম্পূর্ণ অর্থায়নে প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে কান লায়ন্স (Cannes Lions)। ২০২৭ সালের লায়ন্স স্কলারশিপ কর্মসূচিতে বিশ্বের ১০টি দেশ থেকে ১০ জন তরুণ পেশাজীবীকে নির্বাচিত করা হবে। এ বৃত্তিতে ফ্রান্সে যাতায়াত, আবাসন ও খাবারের জন্য ভাতাসহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে। বাংলাদেশি পেশাজীবীরাও নির্ধারিত যোগ্যতা পূরণ করে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৪ ডিসেম্বর ২০২৬।
কান লায়ন্সের অফিশিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গত ২৯ অক্টোবর থেকে বৃত্তির আবেদন শুরু হয়েছে। বিজ্ঞাপন, ডিজাইন, সাংবাদিকতা, জনসংযোগ, ব্র্যান্ডিং ও বিপণনসহ বিভিন্ন সৃজনশীল পেশায় কর্মরত তরুণদের দক্ষতা বাড়াতে এ কর্মসূচির আয়োজন করা হচ্ছে।
প্রশিক্ষণের বিস্তারিত
লায়ন্স স্কলারশিপের আওতায় দুটি একাডেমিতে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে ক্রিয়েটিভ একাডেমিতে (Creative Academy) পাঁচজন এবং ব্র্যান্ড মার্কেটার্স একাডেমিতে (Brand Marketers Academy) পাঁচজন সুযোগ পাবেন।
ক্রিয়েটিভ একাডেমিতে গ্রাফিক ডিজাইনার, কপিরাইটার, সাংবাদিক, জনসংযোগকর্মী, পরিচালক, প্রযুক্তিবিদসহ সৃজনশীল পেশার ব্যক্তিরা আবেদন করতে পারবেন।
অন্যদিকে ব্র্যান্ড মার্কেটার্স একাডেমিতে ব্র্যান্ড ম্যানেজার, ডিজিটাল মার্কেটার, মার্কেটিং ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজারসহ বিপণন খাতের পেশাজীবীরা আবেদন করতে পারবেন।
নির্বাচিত ব্যক্তিরা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরিচালিত প্রশিক্ষণ, কর্মশালা ও অভিজ্ঞ পেশাজীবীদের কাছ থেকে সরাসরি শেখার সুযোগ পাবেন।
যেসব সুবিধা মিলবে
ফ্রান্সে যাওয়া-আসার বিমানভাড়া।
প্রশিক্ষণ চলাকালে আবাসনের ব্যবস্থা।
খাবারের জন্য নির্ধারিত ভাতা।
ইয়াং লায়ন্স ফেস্টিভ্যাল পাস।
আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরিচালিত প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ।
অভিজ্ঞ পেশাজীবীদের কাছ থেকে পরামর্শ ও প্রশিক্ষণের সুযোগ।
এ কর্মসূচিতে আবেদন করতে কোনো ফি লাগবে না।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
২৬ জুন ১৯৯৭ বা তার পরে জন্মগ্রহণ করতে হবে।
সংশ্লিষ্ট পেশায় অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
সৃজনশীল অথবা বিপণন খাতে কাজ করতে হবে।
ইংরেজিতে প্রশিক্ষণ নেওয়ার সক্ষমতা থাকতে হবে।
বয়সের প্রমাণপত্র জমা দিতে হবে।
প্রশিক্ষণের সব কার্যক্রম ইংরেজিতে পরিচালিত হবে। তাই আবেদনকারীদের ইংরেজি ভাষায় যোগাযোগের দক্ষতা থাকা প্রয়োজন।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের কান লায়ন্সের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। প্রথমে নিজের পেশার সঙ্গে মিল রেখে ক্রিয়েটিভ একাডেমি অথবা ব্র্যান্ড মার্কেটার্স একাডেমি বেছে নিতে হবে। এরপর নির্ধারিত আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে।
আবেদন যাচাইয়ের জন্য আন্তর্জাতিক সৃজনশীল খাতের ৪০ জনের বেশি বিশেষজ্ঞের একটি বিচারক দল কাজ করবে। দুই ধাপে আবেদন যাচাই করে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে।
আবেদনের শেষ সময়
আগ্রহী প্রার্থীরা ৪ ডিসেম্বর ২০২৬, বাংলাদেশ সময় সকাল ৬টা ১ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের ১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে ফলাফল জানানো হবে।
বিস্তারিত ও আবেদন: কান লায়ন্সের অফিশিয়াল ওয়েবসাইট









