বেলজিয়ামে নির্দিষ্ট শর্তে অনিয়মিত অভিবাসীদের বাড়িতে প্রবেশ করে তাঁদের আটক করার অনুমতি দিয়ে একটি আইন পাস করেছে দেশটির পার্লামেন্ট। যেসব বিদেশি নাগরিককে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু তাঁরা তা মানেননি এবং জনশৃঙ্খলা বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছেন, তাঁদের ক্ষেত্রে নতুন আইনটি প্রযোজ্য হবে। তবে বাড়িতে প্রবেশের আগে তদন্তকারী বিচারকের অনুমতি নিতে হবে।
শুক্রবার দীর্ঘ বিতর্কের পর বেলজিয়ামের পার্লামেন্টের নিম্নকক্ষ চেম্বার অব রিপ্রেজেন্টেটিভসে আইনটি অনুমোদিত হয়। স্থানীয় সংবাদমাধ্যম দ্য ব্রাসেলস টাইমস জানিয়েছে, আইনটির পক্ষে ৮০টি, বিপক্ষে ৩৫টি ভোট পড়ে। ভোটদানে বিরত থাকেন ১২ জন আইনপ্রণেতা।
প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভারের নেতৃত্বাধীন জোট সরকারের অভিবাসননীতি কঠোর করার উদ্যোগের অংশ হিসেবে আইনটি পাস হয়েছে। তবে মানবাধিকার সংগঠন ও আইনজীবীদের বিরোধিতার মুখে পড়েছে এই সিদ্ধান্ত।
নতুন আইনে বেলজিয়ামে বসবাসকারী সব বিদেশি নাগরিকের বাড়িতে নির্বিচারে তল্লাশির অনুমতি দেওয়া হয়নি।
সরকারি ব্যাখ্যা অনুযায়ী, নির্দিষ্ট কয়েকটি শর্ত পূরণ হলেই কর্তৃপক্ষ এই ব্যবস্থা নিতে পারবে। সংশ্লিষ্ট ব্যক্তিকে বেলজিয়ামে থাকার বৈধ অধিকারহীন হতে হবে, তাঁর বিরুদ্ধে দেশত্যাগের নির্দেশ থাকতে হবে এবং তিনি সেই নির্দেশ বাস্তবায়নে সহযোগিতা না করলে ব্যবস্থা নেওয়া যাবে। একই সঙ্গে তাঁকে জনশৃঙ্খলা বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হতে হবে।
এ ক্ষেত্রে বেলজিয়ামের ইমিগ্রেশন অফিস পুলিশের সহযোগিতায় সংশ্লিষ্ট ব্যক্তির বাসস্থানে প্রবেশ করতে পারবে। তবে তদন্তকারী বিচারকের পূর্বানুমতি বাধ্যতামূলক। আইনটি শুধু সংশ্লিষ্ট ব্যক্তির নিজের বাড়ির মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি অন্য কারও বাসায় অবস্থান করলে নির্ধারিত শর্তে সেখানেও কর্তৃপক্ষ প্রবেশ করতে পারবে।
আইন অনুসারে তল্লাশের ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে। রয়টার্সের ৬ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, বাড়িতে প্রবেশের ক্ষেত্রে তদন্তকারী বিচারকের অনুমোদন এবং অভিবাসন কর্মকর্তাদের উপস্থিতি প্রয়োজন হবে।
আইনটির প্রাথমিক পর্যালোচনায় আরও কিছু সুরক্ষামূলক বিধান যুক্ত করা হয়। একই ঘটনায় নতুন করে অনুমতি চাইতে হলে অতিরিক্ত তথ্য দিতে হবে। বাড়িতে শিশু থাকলে বিচারক বিশেষ শর্ত নির্ধারণ করতে পারবেন।
এ ছাড়া বিচারককে সিদ্ধান্ত নেওয়ার জন্য সাত দিন পর্যন্ত সময় দেওয়ার বিধান রাখা হয়েছে বলে ইউরোপিয়ান মাইগ্রেশন নেটওয়ার্কের বেলজিয়াম শাখা জানিয়েছে।
বেলজিয়ামের আশ্রয় ও অভিবাসনবিষয়ক মন্ত্রী আনেলিন ভান বসাউটের দাবি, দেশত্যাগের নির্দেশ পাওয়া এবং জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া কার্যকর করতেই আইনটি প্রয়োজন।
৬ নভেম্বর তাঁর রাজনৈতিক দল নিউ ফ্লেমিশ অ্যালায়েন্সের (N-VA) প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, অপরাধের সাজা শেষ করা ব্যক্তিসহ যাঁদের বেলজিয়ামে থাকার বৈধ অধিকার নেই এবং যাঁরা নিরাপত্তার জন্য হুমকি, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি করবে আইনটি।
সরকারের দাবি, এটি সব অনিয়মিত অভিবাসীর বিরুদ্ধে অভিযান পরিচালনার আইন নয়। নির্দিষ্ট নিরাপত্তাঝুঁকি এবং দেশত্যাগের নির্দেশ অমান্যের পরিস্থিতিতেই ব্যবস্থা নেওয়া হবে। আইনটি পাসের আগে থেকেই এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিল মানবাধিকার সংগঠনগুলো।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ৫ নভেম্বর প্রকাশিত বিবৃতিতে সতর্ক করে জানায়, অভিবাসন নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ব্যক্তিগত বাসস্থানে প্রবেশের ক্ষমতা মানুষের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের অধিকার ক্ষুণ্ন করতে পারে।
সংগঠনটির আশঙ্কা, অনিয়মিত অভিবাসীদের আশ্রয় দেওয়া ব্যক্তি বা পরিবারও এই ব্যবস্থার প্রভাবে পড়তে পারে। বিশেষ করে শিশু উপস্থিত থাকা অবস্থায় বাড়িতে প্রবেশ এবং বিচারিক সিদ্ধান্তের বিরুদ্ধে কার্যকর প্রতিকারের সুযোগ নিয়ে প্রশ্ন তুলেছে তারা।
আইনটির বিরোধিতায় ৪ নভেম্বর ব্রাসেলসের প্যালেস অব জাস্টিস ঘিরে প্রায় তিন হাজার মানুষ মানববন্ধন করেন। দেশটির বিভিন্ন শহরে আরও ৫০টির বেশি প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।








