২০২৭ সালে ফল-সবজিসহ বিভিন্ন ফসল সংগ্রহের জন্য বিদেশি কর্মী নিয়োগের প্রস্তুতি নিচ্ছে আয়ারল্যান্ড। দেশটির এন্টারপ্রাইজ, পর্যটন ও কর্মসংস্থান বিভাগ ৪ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই কর্মসূচিতে সর্বোচ্চ ছয়টি নিয়োগকারী প্রতিষ্ঠান অংশ নিতে পারবে।
মৌসুমি কর্মী নিয়োগের অনুমোদন পেতে প্রতিষ্ঠানগুলোকে ১২ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে। অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো ১ জানুয়ারি ২০২৭ থেকে কর্মীদের জন্য মৌসুমি কাজের পারমিটের (SEP) আবেদন করতে পারবে। ওই তারিখটি নিয়োগকর্তাদের পারমিট আবেদনের জন্য নির্ধারিত। চাকরিপ্রার্থীদের সরাসরি নিবন্ধনের কোনো তারিখ বিজ্ঞপ্তিতে দেওয়া হয়নি।
কাজের মৌসুম এপ্রিল থেকে নভেম্বর। চুক্তির মেয়াদ তিন থেকে সাত মাস। ন্যূনতম পারিশ্রমিকের বার্ষিক ভিত্তি ৩২ হাজার ৬৯১ ইউরো (প্রায় ৪৫ লাখ ৫৭ হাজার টাকা)। চুক্তি যত মাসের হবে, পারিশ্রমিক সেই মেয়াদ অনুযায়ী আনুপাতিক হারে হিসাব করা হবে। নিয়োগকর্তাকে আবাসনের ব্যবস্থা করতে হবে এবং স্বাস্থ্যবিমার খরচ বহন করতে হবে। ২০২৭ সালের জন্য পারমিটের আবেদন ফি মওকুফ করা হয়েছে।







