ইতালিতে দক্ষ বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তুতি হিসেবে দেশের ১০টি প্রশিক্ষণকেন্দ্রে ১২টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত EU-Bangladesh Talent Partnership প্রকল্পের আওতায় এ কার্যক্রম চলছে। ইতালীয় নিয়োগকর্তাদের মাধ্যমে কর্মী নিয়োগ সহজ করতে একটি অনলাইন পোর্টালও চালু করেছে সরকার।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে এসব তথ্য জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত Talent Partnership প্রকল্পের উদ্দেশ্য হলো বাংলাদেশের দক্ষ কর্মীদের ইউরোপের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রস্তুত করা এবং বৈধ অভিবাসনের সুযোগ তৈরি করা। প্রকল্পটি বাস্তবায়ন করছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। এতে সহযোগিতা করছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং সরকারি-বেসরকারি কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান।
প্রশিক্ষণে কারিগরি দক্ষতার পাশাপাশি ভাষা, কর্মক্ষেত্রের সংস্কৃতি, শ্রমিকের অধিকার এবং নিরাপদ অভিবাসন সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। আগে থেকে কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন কর্মীদের দক্ষতা মূল্যায়নের ব্যবস্থাও প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে।
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ২৯ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, EU-Bangladesh Talent Partnership প্রকল্পের আওতায় ইতিমধ্যে এক হাজারের বেশি ব্যক্তি প্রশিক্ষণ পেয়েছেন। তাঁদের মধ্যে ১২টি পেশায় ৭৭৬ জনের দক্ষতা মূল্যায়ন করে উপযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তবে এই সংখ্যা শুধু ইতালির জন্য নয়; প্রকল্পটির লক্ষ্য ইউরোপীয় ইউনিয়নের নির্বাচিত সদস্যদেশগুলোতে দক্ষ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। প্রশিক্ষণপ্রাপ্ত কতজন ইতিমধ্যে ইতালিতে চাকরি পেয়েছেন, তা ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
ইতালীয় নিয়োগকর্তাদের জন্য অনলাইন পোর্টাল
বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগের প্রক্রিয়া সহজ করতে অনলাইন পোর্টাল চালু করা হয়েছে। সরকারি Overseas Employment Platform-এর সঙ্গে যুক্ত এই ব্যবস্থায় ইউরোপীয় নিয়োগকর্তারা নিবন্ধন, কর্মীর চাহিদা জমা এবং যোগ্য প্রার্থীদের তথ্য যাচাইয়ের প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।
এর মাধ্যমে কর্মীদের দক্ষতার সঙ্গে নিয়োগকর্তাদের চাহিদার সমন্বয় করা এবং নিয়োগপ্রক্রিয়া পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। পোর্টালের ঠিকানা: https://tp.oep.gov.bd/








