পূর্ব লিবিয়ায় অভিবাসনসংক্রান্ত সহযোগিতা বাড়াতে অতিরিক্ত ২ কোটি ৫০ লাখ ইউরোর অর্থায়ন চুক্তি করেছে ইউরোপীয় ইউনিয়ন। সীমান্ত ব্যবস্থাপনা, সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার এবং অভিবাসী পাচার প্রতিরোধে এ অর্থ ব্যবহার করা হবে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের লেখা একটি চিঠি থেকে এ তথ্য পাওয়া গেছে। ইইউ নেতাদের উদ্দেশে পাঠানো চিঠিটি দেখেছে বার্তা সংস্থাটি।
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টায় থাকা অভিবাসীদের গুরুত্বপূর্ণ যাত্রাপথ লিবিয়া। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর দেশটির নিয়ন্ত্রণ প্রতিদ্বন্দ্বী পূর্ব ও পশ্চিমাঞ্চলীয় প্রশাসনের মধ্যে বিভক্ত হয়ে পড়ে।
ইইউ আনুষ্ঠানিকভাবে ত্রিপোলিভিত্তিক সরকারকে স্বীকৃতি দিলেও সামরিক কমান্ডার খলিফা হাফতারের নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে। ওই অঞ্চল থেকে অভিবাসীদের সমুদ্রযাত্রা বেড়ে যাওয়ায় গত বছর থেকে সহযোগিতা জোরদার করা হয়েছে।
গত জুলাইয়ে পূর্ব লিবিয়ার বেনগাজিতে সমুদ্র উদ্ধার সমন্বয়কেন্দ্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিল ইইউ। নতুন অর্থায়ন সেই সহযোগিতা আরও বিস্তৃত করার উদ্যোগের অংশ।
ইইউ ও এর সদস্যদেশগুলো দীর্ঘদিন ধরে লিবিয়ার কোস্টগার্ডকে সহায়তা ও প্রশিক্ষণ দিয়ে আসছে। এই বাহিনী সমুদ্রে অভিবাসীদের আটক করে।
ভন ডার লিয়েন চিঠিতে জানিয়েছেন, লিবিয়া থেকে অভিবাসীদের নিজ দেশে স্বেচ্ছায় ফেরাতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সঙ্গে কাজ করছে ইইউ। একই সঙ্গে শুধু অনিয়মিতভাবে ইউরোপে প্রবেশের উদ্দেশ্যে লিবিয়ায় পৌঁছানো মানুষের সংখ্যা কমানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।







