লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে বিপদে পড়া ৫৮ বাংলাদেশিকে মিশর থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তিন ধাপে তাঁদের প্রত্যাবাসন সম্পন্ন হয়। সর্বশেষ ১৩ অক্টোবর দেশে ফেরেন ৪১ জন। এর আগে ৪ অক্টোবর ছয়জন এবং ৬ অক্টোবর আরও ১১ জনকে ফেরানো হয়।
মিশরে বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংয়ের তথ্য উদ্ধৃত করে আরটিভি ও এশিয়া পোস্ট জানিয়েছে, এসব বাংলাদেশি লিবিয়ার তবরুক থেকে অনিয়মিত সমুদ্রপথে ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিলেন। মানবপাচারকারীদের প্রলোভনে এই পথে যাওয়া ব্যক্তিরা সাগরে বিপদাপন্ন হলে তাঁদের উদ্ধার করে মিশরের পোর্টসাইদে নেওয়া হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৫৫ জনকে উদ্ধার করে ‘কিংস্টন’ নামের একটি বাণিজ্যিক জাহাজ। বাকি তিনজনকে উদ্ধার করে আরেক বাণিজ্যিক জাহাজ ‘এমএসসি ভার্জিনিয়া’। পরে তাঁদের মিশর থেকে বাংলাদেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়।
উদ্ধার হওয়া বাংলাদেশিদের অবস্থা জানা এবং প্রয়োজনীয় আইনগত ও কনস্যুলার সহায়তা দেওয়ার জন্য ৩ অক্টোবর পোর্টসাইদ কারাগার পরিদর্শন করেন বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তা। সেখানে তাঁদের সমুদ্রযাত্রা ও উদ্ধারসংক্রান্ত তথ্যও সংগ্রহ করা হয়।
প্রত্যাবাসনের জন্য মিশরীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশ দূতাবাস। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) অর্থায়নে তাঁদের বিমানের টিকিটের ব্যবস্থা করা হয়। এরপর পর্যায়ক্রমে ৫৮ জনকে দেশে পাঠানো হয়।
দূতাবাস অনিয়মিতভাবে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার ঝুঁকি সম্পর্কে বাংলাদেশি নাগরিকদের সচেতন করার ওপর গুরুত্ব দিয়েছে। পাশাপাশি মানবপাচারকারী ও অনিয়মিত অভিবাসনে সহায়তাকারী চক্রের প্রলোভন থেকে নাগরিকদের বিরত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।






