যুক্তরাজ্যে কঠোর ভিসানীতির মধ্যে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি প্রস্তাব ফিরিয়ে নিচ্ছে কিছু বিশ্ববিদ্যালয়। এতে বাংলাদেশসহ কয়েকটি দেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পরিকল্পনায় অনিশ্চয়তা তৈরি হয়েছে।
১৬ অক্টোবর প্রকাশিত ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাংলাদেশিদের স্টুডেন্ট ভিসা আবেদন প্রত্যাহারের হার দাঁড়িয়েছে ২৩ দশমিক ৫ শতাংশে। আগের বছরের একই সময়ে এই হার ছিল ৭ দশমিক ১ শতাংশ। ফিন্যান্সিয়াল টাইমসের বরাতে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য তুলে ধরেছে সংবাদমাধ্যমটি।
২০২৬ সালের প্রথম ছয় মাসে স্টুডেন্ট ভিসা আবেদন প্রত্যাহারের হার ছিল ১০ দশমিক ৫ শতাংশ, যা আগের বছরের একই সময়ে ছিল ২ দশমিক ৩ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়েছে, কোনো বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য বিদেশি শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের হার ৫ শতাংশ ছাড়ালে প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির অনুমোদন ঝুঁকিতে পড়তে পারে। আগে এই সীমা ছিল ১০ শতাংশ। নিজেদের অনুমোদন সুরক্ষিত রাখতে কিছু বিশ্ববিদ্যালয় আগাম ভর্তি প্রস্তাব বাতিল করছে।
তবে ভিসা আবেদন প্রত্যাহার মানেই ভিসা প্রত্যাখ্যান নয়। বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তাব ফিরিয়ে নিলেও সংশ্লিষ্ট ভিসা আবেদন প্রত্যাহার হতে পারে।
সামগ্রিকভাবে ২০২৬ সালের প্রথম ছয় মাসে স্টুডেন্ট ভিসা আবেদন প্রত্যাহারের হার ছিল ১০ দশমিক ৫ শতাংশ, যা আগের বছরের একই সময়ে ছিল ২ দশমিক ৩ শতাংশ।
বিদেশি শিক্ষার্থীদের টিউশন ফি ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোর আয়ের গুরুত্বপূর্ণ উৎস। তাঁদের সংখ্যা দীর্ঘমেয়াদে কমলে বিশ্ববিদ্যালয়ের বাজেট, কর্মসংস্থান এবং কোর্স পরিচালনায় চাপ বাড়তে পারে বলে প্রতিবেদনে উঠে এসেছে।







