বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সার্বিয়া, মলদোভা, বেলারুশ, রাশিয়া ও জাপানসহ ১২টি দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এসব দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের নিয়োগানুমতি বা অনুমোদন থাকতে হবে। অনুমোদন ছাড়া সংশ্লিষ্ট কর্মীদের বহির্গমন ছাড়পত্র দেওয়া যাবে না।
বুধবার (৪ নভেম্বর) মন্ত্রণালয়ের কর্মসংস্থান-৩ শাখা থেকে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব গাজী মো. শাহেদ আনোয়ার।
নির্দেশনার আওতায় থাকা ১২টি দেশ হলো সার্বিয়া, মলদোভা, বেলারুশ, কঙ্গো, রাশিয়া, জাপান, ইরাক, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইউক্রেন ও লিবিয়া।
মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, এসব দেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক কর্মীদের অনুকূলে মন্ত্রণালয়ের নিয়োগানুমতি বা অনুমোদন ছাড়া বহির্গমন ছাড়পত্র প্রদান না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
একই দিন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) সদস্য রিক্রুটিং এজেন্সিগুলোকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি পাঠিয়েছে।
নতুন নির্দেশনায় কী পরিবর্তন
বিদেশে চাকরির উদ্দেশ্যে বাংলাদেশ থেকে যাওয়া কর্মীদের বিএমইটির মাধ্যমে বহির্গমন ছাড়পত্র নিতে হয়। নতুন নির্দেশনা অনুযায়ী, উল্লিখিত ১২টি দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে মন্ত্রণালয়ের নিয়োগানুমতি বা অনুমোদন নিশ্চিত করতে হবে। অনুমোদন ছাড়া সংশ্লিষ্ট কর্মীদের বহির্গমন ছাড়পত্র দেওয়া যাবে না।
তবে এসব দেশে বাংলাদেশি কর্মী পাঠানো পুরোপুরি বন্ধ করার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে কর্মী পাঠানোর সুযোগ থাকছে। নির্দেশনার ফলে সংশ্লিষ্ট দেশগুলোতে চাকরির ভিসা পাওয়া কর্মীদেরও বহির্গমন ছাড়পত্রের আগে প্রয়োজনীয় অনুমোদন রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে।
আগে ভিসা পাওয়া কর্মীদের কী হবে
ইতিমধ্যে এসব দেশে চাকরির ভিসা পেয়েছেন, কিন্তু বহির্গমন ছাড়পত্র পাননি—এমন কর্মীদের ক্ষেত্রে নতুন নির্দেশনা গুরুত্বপূর্ণ। কারণ, শুধু ভিসা থাকলেই বহির্গমন ছাড়পত্র পাওয়া নিশ্চিত নয়। প্রযোজ্য ক্ষেত্রে মন্ত্রণালয়ের অনুমোদনও প্রয়োজন হবে।
তবে আগে থেকে ইস্যু করা বহির্গমন ছাড়পত্র কিংবা চলমান নিয়োগপ্রক্রিয়ার ক্ষেত্রে আলাদা কোনো ছাড় থাকবে কি না, সে বিষয়ে মন্ত্রণালয়ের চিঠিতে কিছু বলা হয়নি।
নতুন নির্দেশনা দেওয়ার সুনির্দিষ্ট কারণও চিঠিতে উল্লেখ করা হয়নি। একইভাবে নির্দেশনাটি কত দিন কার্যকর থাকবে, সে বিষয়েও কোনো সময়সীমা জানানো হয়নি।
এ অবস্থায় সংশ্লিষ্ট দেশগুলোতে চাকরির উদ্দেশ্যে যেতে ইচ্ছুক কর্মীদের নিয়োগকারী প্রতিষ্ঠানের মাধ্যমে মন্ত্রণালয়ের অনুমোদন এবং বিএমইটির বহির্গমন ছাড়পত্রের বিষয়টি নিশ্চিত করতে হবে।








