মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য বাংলাদেশি কর্মীদের অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। নির্ধারিত অঙ্কের বেশি টাকা আদায় করলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি বা ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে বিনা খরচে কর্মী পাঠানোর কার্যক্রমও শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকার প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী জানান, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা। তবে বেসরকারি নিয়োগ খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা দুই থেকে তিন লাখ টাকা পর্যন্ত ব্যয়ের কথা বলছেন। এই বেশি অঙ্ককে সরকার অনুমোদিত ব্যয় হিসেবে স্বীকৃতি দেয়নি।
সরকার নির্ধারিত সীমার বাইরে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির লাইসেন্সের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রী।
নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি কর্মীর নিয়োগকর্তা, কাজের ধরন, চুক্তির মেয়াদ ও নিয়োগের ব্যবস্থা সম্পর্কে তথ্য যাচাইয়ের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এর উদ্দেশ্য, মালয়েশিয়ায় পৌঁছানোর পর কর্মীরা যেন চাকরি না পেয়ে বিপদে না পড়েন।
২০২৪ সালের ৩১ মে মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে নতুন কর্মী নিয়োগ বন্ধ হওয়ার আগে সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ছিল প্রায় ৭৯ হাজার টাকা। নতুন ঘোষিত অঙ্ক আগের তুলনায় প্রায় দ্বিগুণ। তবে আগের নির্ধারিত ব্যয়ের চেয়েও অনেক বেশি টাকা নেওয়ার অভিযোগ ছিল। বিভিন্ন প্রতিবেদনে কর্মীপ্রতি সাড়ে ছয় লাখ থেকে আট লাখ টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ উঠে এসেছে।
অতিরিক্ত অভিবাসন ব্যয় ও নিয়োগে অনিয়মের কারণে অনেক কর্মী আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন। কেউ কেউ নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করেও নির্ধারিত সময়ে মালয়েশিয়ায় যেতে পারেননি।
বেসরকারি নিয়োগের জন্য নির্ধারিত অভিবাসন ব্যয়ের পাশাপাশি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে।
প্রথম ধাপে মালয়েশিয়ার DHL Supply Chain প্রতিষ্ঠানের জন্য ১১২ জন কর্মী নির্বাচনের প্রক্রিয়া চলছে। এ জন্য মালয়েশিয়া থেকে আসা নয় সদস্যের প্রতিনিধিদল ১২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নিচ্ছে।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানিয়েছেন, এই কর্মসূচিতে নির্বাচিত কর্মীদের সরকার নির্ধারিত অভিবাসনসংক্রান্ত ব্যয় বহন করবে মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান। বোয়েসেল কর্মী কিংবা নিয়োগকর্তার কাছ থেকে অভিবাসন ব্যয় বা সার্ভিস চার্জ নেবে না।
প্রথম ধাপের জন্য ৬ থেকে ৮ নভেম্বর আবেদন গ্রহণ করা হয়েছিল। ৪ হাজার ২৯টি আবেদন থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৩০০ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। তাঁদের মধ্য থেকে নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চূড়ান্ত কর্মী নির্বাচন করবেন।








