কানাডার কুইবেক প্রদেশে অস্থায়ী বিদেশি কর্মী ও আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমানোর প্রস্তাব দিয়েছে নতুন সরকার। একই সঙ্গে স্থায়ী অভিবাসনের লক্ষ্য কমানো এবং অভিবাসী নির্বাচনে ফরাসি ভাষার দক্ষতাকে আরও গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এসব প্রস্তাব এখনো কার্যকর হয়নি।
বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, পার্টি কেবেকোয়া সরকারের পরিকল্পনায় চার বছরের মেয়াদে প্রদেশটির অস্থায়ী বাসিন্দার সংখ্যা পাঁচ লাখের বেশি থেকে আড়াই লাখ থেকে তিন লাখের মধ্যে নামিয়ে আনার কথা বলা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রামের আওতায় বিদেশি কর্মীর সংখ্যা আনুমানিক ৮০ হাজারের বেশি থেকে ৪০ হাজারে নামানো হতে পারে। আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা এক লাখ ২০ হাজারের বেশি থেকে প্রায় ৫০ হাজারে কমানোর পরিকল্পনাও রয়েছে।
স্থায়ী অভিবাসনের বার্ষিক লক্ষ্য প্রায় ৪৫ হাজার থেকে ৩৫ হাজারে নামানোর প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থনৈতিক অভিবাসনের ক্ষেত্রে বিদেশ থেকে সরাসরি আবেদনকারীদের পরিবর্তে কুইবেকে ইতোমধ্যে থাকা অস্থায়ী বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়ার কথাও এসেছে।
ফরাসি ভাষার দক্ষতা বাড়তি গুরুত্ব পাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে কোন কর্মসূচিতে কতটুকু ভাষাগত দক্ষতা প্রয়োজন হবে, সে বিষয়ে প্রস্তাবে বিস্তারিত নির্ধারণ করা হয়নি।
নভেম্বরে প্রাদেশিক আইনসভার অধিবেশন শুরুর পর পরবর্তী অভিবাসন পরিকল্পনায় বাস্তবায়নের দিকনির্দেশনা পাওয়া যেতে পারে। আপাতত বিদ্যমান নীতিই বহাল রয়েছে। ফলে প্রস্তাবিত সংখ্যা হ্রাসকে কার্যকর ভর্তি বা ভিসা বিধিনিষেধ হিসেবে বিবেচনা করা যাবে না।







