বিদেশ ভ্রমণের পরিকল্পনা করতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্য নিচ্ছেন বিশ্বের ৪৯ শতাংশ বিমানযাত্রী। ফ্লাইট খোঁজা, কম দামে টিকিট পাওয়া কিংবা কোথায় ঘুরতে যাবেন, তা ঠিক করতে এআই ব্যবহার করছেন তাঁরা। এ ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে মধ্যপ্রাচ্যের যাত্রীরা। অঞ্চলটির ৭২ শতাংশ যাত্রী ভ্রমণ পরিকল্পনায় এআই ব্যবহার করেছেন।
আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) ‘গ্লোবাল প্যাসেঞ্জার সার্ভে ২০২৬’ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গত ২৮ অক্টোবর চীনের ম্যাকাওয়ে জরিপের ফল প্রকাশ করা হয়। বিশ্বের ২০০টির বেশি দেশের ১০ হাজারের বেশি মানুষের মতামতের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
জরিপে দেখা গেছে, মধ্যপ্রাচ্যের পর ভ্রমণ পরিকল্পনায় এআই ব্যবহারে এগিয়ে রয়েছেন এশিয়া-প্যাসিফিক অঞ্চলের যাত্রীরা। এ অঞ্চলে ৫৭ শতাংশ যাত্রী এআই ব্যবহার করেছেন। আফ্রিকায় এই হার ৫২ শতাংশ, উত্তর আমেরিকায় ৪৭ শতাংশ এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে ৪৩ শতাংশ। ইউরোপে সবচেয়ে কম, ৩৫ শতাংশ যাত্রী ভ্রমণের পরিকল্পনায় এআইয়ের সাহায্য নিয়েছেন।
৬০ শতাংশ যাত্রী অনলাইনে ভিসার আবেদন করতে চান। বিমানবন্দরে সময় বাঁচাতে ৮৬ শতাংশ যাত্রী ভ্রমণের আগেই অনলাইনে অভিবাসনসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জমা দিতে আগ্রহী।
বিশ্বজুড়ে ২১ শতাংশ যাত্রী নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার ফ্লাইট খুঁজতে এআই ব্যবহার করেছেন। কম দামে বিমানের টিকিট খুঁজেছেন ১৯ শতাংশ এবং নতুন ভ্রমণ গন্তব্য সম্পর্কে জানতে এআইয়ের সাহায্য নিয়েছেন ১৭ শতাংশ। এসব হিসাব জরিপে অংশ নেওয়া মোট যাত্রীর ভিত্তিতে করা হয়েছে।
আইএটিএর অপারেশনস, সেফটি অ্যান্ড সিকিউরিটিবিষয়ক জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট নিক কেরিন বলেন, ভ্রমণ পরিকল্পনায় এআইয়ের ব্যবহার বাড়ছে। এ কারণে বিমান সংস্থাগুলোর সেবা যাতে এআইয়ের মাধ্যমে সহজে খুঁজে পাওয়া যায়, সেদিকে নজর দেওয়া প্রয়োজন। পাশাপাশি এআই ব্যবহার করেই সরাসরি বিমানের টিকিট বুক করার সুবিধা তৈরির কথাও বলেন তিনি।
এদিকে জরিপে দেখা গেছে, ভিসা ও কোনো দেশে প্রবেশের জটিল নিয়মের কারণে বিদেশ ভ্রমণের আগ্রহ হারাচ্ছেন অনেক যাত্রী। বিশ্বের ৪৩ শতাংশ যাত্রী জানিয়েছেন, এসব কারণে তাঁরা কোনো না কোনো দেশে ভ্রমণের পরিকল্পনা বাদ দিয়েছেন বা সেখানে যেতে আগ্রহ হারিয়েছেন। ২০২৫ সালে এই হার ছিল ৩৩ শতাংশ।
ভিসাসংক্রান্ত নিয়মের কারণে ভ্রমণের আগ্রহ হারানো যাত্রীদের মধ্যে ৫৩ শতাংশ বলেছেন, অতিরিক্ত জটিল প্রক্রিয়াই তাঁদের প্রধান সমস্যা। অন্যদিকে ভিসার খরচ এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন ১৭ শতাংশ করে যাত্রী।
জরিপে আরও দেখা গেছে, ৬০ শতাংশ যাত্রী অনলাইনে ভিসার আবেদন করতে চান। বিমানবন্দরে সময় বাঁচাতে ৮৬ শতাংশ যাত্রী ভ্রমণের আগেই অনলাইনে অভিবাসনসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জমা দিতে আগ্রহী।
এ ছাড়া গত এক বছরে বিমানবন্দরে বায়োমেট্রিক প্রযুক্তি ব্যবহার করেছেন ৫৮ শতাংশ যাত্রী। অনলাইনে চেক-ইনের সময় ডিজিটাল পাসপোর্ট ব্যবহার করতে চান ৮৪ শতাংশ।
আইএটিএ বলছে, বিদেশ ভ্রমণের পরিকল্পনা থেকে শুরু করে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা পর্যন্ত প্রযুক্তির ওপর যাত্রীদের নির্ভরতা বাড়ছে। তবে ভিসা ও অভিবাসনের জটিল নিয়ম এখনো অনেকের বিদেশ ভ্রমণের পথে বাধা হয়ে রয়েছে।







