মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার এবং স্থানীয় কর্তৃপক্ষের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকা ও জনসমাগম এড়িয়ে চলতে বলা হয়েছে।
বাংলাদেশ মনিটরের ১২ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, ১১ অক্টোবর জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস এসব নির্দেশনা দেয়। সৌদিপ্রবাসী বাংলাদেশিদের দেশটির কর্তৃপক্ষের আনুষ্ঠানিক নির্দেশনার বিষয়ে সজাগ থাকতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে চলমান পরিস্থিতির সঙ্গে সংশ্লিষ্ট তথ্য, ছবি ও ভিডিও ধারণ, প্রচার বা আদান-প্রদানের বিষয়ে বিশেষভাবে সতর্ক করেছে দূতাবাস। এ ধরনের কর্মকাণ্ড সৌদি আইনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে বলে জানানো হয়েছে।
দূতাবাস বাংলাদেশিদের ফেসবুক, ইউটিউব ও এক্সসহ সামাজিক যোগাযোগমাধ্যমে সংশ্লিষ্ট ছবি, ভিডিও বা তথ্য প্রকাশ ও ছড়িয়ে দেওয়া থেকে বিরত থাকতে বলেছে। মোবাইল ফোনে এসব সংরক্ষণ কিংবা আদান-প্রদান না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
প্রয়োজনে সহায়তা ও তথ্যের জন্য দূতাবাসের নির্ধারিত হটলাইনে যোগাযোগ করতে বলা হয়েছে। শ্রমসংক্রান্ত বিষয়ে ৮০০১০০০১২৫, পাসপোর্ট সেবায় ৮০০১০০০১২৬ এবং কূটনৈতিক ও অন্যান্য বিষয়ে ৮০০১০০০১২৪ নম্বরে যোগাযোগ করা যাবে। মৃত্যুসংক্রান্ত সহায়তার জন্য দেওয়া হয়েছে +৯৬৬৫৬৭০২১১৮০ নম্বর।
নিয়মিত হালনাগাদ তথ্য ও আনুষ্ঠানিক ঘোষণা পেতে দূতাবাসের যাচাইকৃত ফেসবুক পেজ অনুসরণ করার আহ্বানও জানানো হয়েছে।







