কানাডার এক্সপ্রেস এন্ট্রির পয়েন্ট ব্যবস্থায় পরিবর্তন আসছে। উচ্চ মজুরির পেশায় কানাডায় কাজের যোগ্য অভিজ্ঞতা অথবা উপযুক্ত চাকরির প্রস্তাব থাকা প্রার্থীরা অতিরিক্ত পয়েন্ট পাবেন। নতুন নিয়ম কার্যকর হবে ৩ নভেম্বর ২০২৬।
দেশটির অভিবাসন বিভাগ ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) ১৬ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। দেশের অর্থনীতি ও শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষ অভিবাসী বাছাইয়ের প্রক্রিয়া আরও ভালোভাবে মেলাতে এই পরিবর্তন আনা হচ্ছে।
আইআরসিসি জানিয়েছে, উচ্চ মজুরির পেশা নির্ধারণে কোনো প্রার্থীর ব্যক্তিগত বেতন বিবেচনা করা হবে না। দেখা হবে সংশ্লিষ্ট পেশার মধ্যম মজুরি কানাডার সামগ্রিক কর্মীদের মধ্যম মজুরির অন্তত ১ দশমিক ৩ গুণ কি না। যোগ্য পেশাগুলোর তালিকা নিজেদের ওয়েবসাইটে রাখবে বিভাগটি।
নতুন নিয়মে যোগ্য চাকরির প্রস্তাবের জন্য অতিরিক্ত পয়েন্ট পেতে লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট বা এলএমআইএ লাগবে না। ফেডারেল স্কিলড ওয়ার্কার প্রোগ্রাম ও ফেডারেল স্কিলড ট্রেডস প্রোগ্রামের চাকরির প্রস্তাবসংক্রান্ত শর্ত পূরণের ক্ষেত্রেও এই পরিবর্তন প্রযোজ্য হবে। তবে চাকরির প্রস্তাবটি সত্যি কি না এবং তা কর্মসূচির শর্ত পূরণ করে কি না, তা যাচাই করবে আইআরসিসি। এই ঘোষণা কানাডার সব ওয়ার্ক পারমিটের জন্য এলএমআইএ বাতিলের ঘোষণা নয়।
এক্সপ্রেস এন্ট্রি পুলে থাকা প্রার্থীদের কমপ্রিহেনসিভ র্যাঙ্কিং সিস্টেম বা সিআরএস স্কোর নতুন নিয়মে স্বয়ংক্রিয়ভাবে হিসাব করা হবে। তবে যোগ্য চাকরির প্রস্তাবের জন্য পয়েন্ট পেতে চাইলে প্রার্থীদের ৩ নভেম্বরের আগে প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রোফাইল হালনাগাদ করতে হবে।
স্কোর নতুন করে হিসাব করতে সর্বোচ্চ দুই সপ্তাহ লাগতে পারে। এই সময়ে স্থায়ী বসবাসের আবেদন করার আমন্ত্রণ দেওয়ার রাউন্ড সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে আইআরসিসি।






