কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয় পিএইচডি শিক্ষার্থীদের জন্য ‘প্রেসিডেন্টস ইমপ্যাক্ট স্কলারশিপ প্রোগ্রাম’ চালু করেছে। নির্বাচিত গবেষকেরা চার বছর ধরে বছরে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৯ লাখ ৮ হাজার টাকা পাবেন। চার বছরে এই সহায়তার মোট পরিমাণ হবে প্রায় ২ কোটি ৭৬ লাখ ৩১ হাজার টাকা। কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী আবেদনকারীদের আকৃষ্ট করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সংবাদমাধ্যম ইউ অব টি নিউজে ৫ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
নতুন কর্মসূচির জন্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৬৩ কোটি ৪৮ লাখ টাকার তহবিল গঠন করা হয়েছে। এর অর্ধেক দিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক একটি দাতা পরিবারভিত্তিক ফাউন্ডেশন। বাকি অর্থ দিচ্ছে বিশ্ববিদ্যালয়। প্রতিবছর একটি গুরুত্বপূর্ণ সামাজিক বা বৈশ্বিক সমস্যাকে গবেষণার বিষয় হিসেবে নির্ধারণ করা হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বাস্থ্য কিংবা আর্কটিক অঞ্চলের সার্বভৌমত্বের মতো বিষয় এতে অন্তর্ভুক্ত হতে পারে।
বিশ্ববিদ্যালয়ের স্কুল অব গ্র্যাজুয়েট স্টাডিজ জানিয়েছে, প্রতিবছর ১২ থেকে ১৩ জন গবেষক নিয়ে একটি দল গঠন করা হবে। তাঁরা নির্ধারিত বিষয়কে কেন্দ্র করে গবেষণা করবেন। বৃত্তিপ্রাপ্তদের জন্য বিশেষ পেশাগত প্রশিক্ষণ, যোগাযোগের নেটওয়ার্ক গড়ে তোলা এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকবে।
প্রত্যেক গবেষক দুজন শিক্ষকের যৌথ তত্ত্বাবধানে কাজ করবেন। গবেষণাকে বাস্তবে প্রয়োগের অভিজ্ঞতা অর্জনে সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ, আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ অথবা সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ থাকতে পারে।
আবেদনকারী নির্বাচনে শিক্ষাগত উৎকর্ষের পাশাপাশি উদ্ভাবন, গবেষণায় গুরুত্বপূর্ণ অগ্রগতি আনার সম্ভাবনা এবং উদ্যোগকে কার্যকর পণ্য বা সেবায় রূপ দেওয়ার অভিজ্ঞতা বিবেচনা করা হবে। কর্মসূচিটি পিএইচডি ও আইন বিষয়ে গবেষণাভিত্তিক এসজেডি শিক্ষার্থীদের জন্য পরিকল্পিত।
প্রথম দলের পড়াশোনা শুরু হবে ২০২৭ সালের সেপ্টেম্বরে। তবে বিস্তারিত যোগ্যতা, আবেদনপদ্ধতি ও সময়সীমা এখনো প্রকাশ করা হয়নি। বাংলাদেশি আগ্রহীদের আবেদন প্রস্তুতির আগে প্রকাশিত শর্ত দেখে নিতে হবে। আবেদনসংক্রান্ত তথ্য প্রকাশ হলে ই-মেইলে খবর পেতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিবন্ধনের সুযোগ রয়েছে।
টাকার অঙ্কগুলো ১৩ অক্টোবরের প্রকাশিত বিনিময় হার অনুযায়ী প্রতি কানাডীয় ডলার প্রায় ৮৬.৩৫ টাকা ধরে হিসাব করা হয়েছে। বিনিময় হার পরিবর্তনের সঙ্গে অঙ্কও বদলাবে; বিশ্ববিদ্যালয় অর্থ দেবে কানাডীয় ডলারে।







