কানাডায় স্বামী বা স্ত্রীকে স্পনসর করে নিতে চাইলে সবচেয়ে বড় দুশ্চিন্তা থাকে দীর্ঘ অপেক্ষা। সিআইসি নিউজ জানিয়েছে, স্পাউজাল স্পনসরশিপের আবেদন নিষ্পত্তি হতে অন্তত এক বছর, অনেক ক্ষেত্রে আরও বেশি সময় লাগে। তবে এই সময়টা সঙ্গীকে বেকার বসে থাকতে হবে না।
পিআর আবেদন প্রক্রিয়াধীন থাকাকালেই তিনি ওপেন ওয়ার্ক পারমিটের (ওডব্লিউপি) জন্য আবেদন করতে পারেন, যদি তিনি স্পনসরের সঙ্গে কানাডায় থাকেন এবং কিছু শর্ত পূরণ করেন।
এই পারমিট পেলে কাজের অধিকার নিশ্চিত হয় এবং কানাডায় দীর্ঘ মেয়াদে অস্থায়ীভাবে থাকার সুযোগও মেলে। নির্দিষ্ট নিয়োগকর্তার সঙ্গে বাঁধা না থেকে প্রায় সব ধরনের কাজে, কানাডার যেকোনো স্থানে কাজ করা যায়। তবে যেসব পেশায় মেডিকেল পরীক্ষা লাগে, সেখানে স্বাভাবিক বিধিনিষেধ থাকে।
স্পনসরশিপ দুই ধরনের। যখন সঙ্গী কানাডায় স্পনসরের সঙ্গে থাকেন এবং তাঁর ভিজিটর, ওয়ার্কার বা স্টুডেন্ট হিসেবে বৈধ অস্থায়ী মর্যাদা থাকে, তখন আবেদন করা হয় ইনল্যান্ড বা "স্পাউজ অর কমন-ল পার্টনার ইন কানাডা ক্লাস"-এর অধীনে। এ ক্ষেত্রে প্রক্রিয়াকালে সঙ্গীকে কানাডায় থাকতে হয়, আর আবেদন নাকচ হলে ইমিগ্রেশন আপিল ডিভিশনে আপিলের সুযোগ থাকে না।
অন্যদিকে সঙ্গী কানাডার বাইরে থাকলে, কানাডায় থাকলেও পুরো সময় না থাকতে চাইলে, কিংবা আপিলের অধিকার ধরে রাখতে চাইলে আবেদন করা হয় আউটল্যান্ড বা ফ্যামিলি ক্লাসে। এখানে লক্ষণীয়, আউটল্যান্ড আবেদনও কানাডার ভেতর থেকে জমা দেওয়া যায়।
ওপেন ওয়ার্ক পারমিটের জন্য আইআরসিসি কিছু স্পষ্ট শর্ত রেখেছে। সঙ্গীকে স্পনসরের সঙ্গে কানাডায় বসবাস করতে হবে, সম্পর্ক হতে হবে বাস্তব, এবং পিআর আবেদনে তাঁর নাম থাকতে হবে। এ ছাড়া স্পনসর আবেদনের সম্পূর্ণতা নিশ্চিত করে আইআরসিসির পাঠানো "অ্যাকনলেজমেন্ট অব রিসিপ্ট" (এওআর) পেয়ে থাকতে হবে।
সঙ্গীর কানাডায় বৈধ অস্থায়ী মর্যাদা থাকা চাই, অথবা তিনি আইআরসিসির স্পাউজাল পাবলিক পলিসির আওতায় পড়বেন। পিআর আবেদন নাকচ, প্রত্যাহার বা ফেরত হলে এই সুবিধা মেলে না। এটি শুধু কানাডার ভেতর থেকে করা আবেদনের জন্য প্রযোজ্য, বিমানবন্দর বা সীমান্তে আবেদন করা যায় না।
ইনল্যান্ড স্পনসরশিপে প্রক্রিয়াটি তুলনামূলক সহজ। প্রথমে অনলাইন পোর্টালে পিআর স্পনসরশিপ আবেদন জমা দিতে হয়। এওআর পাওয়ার পর সঙ্গী আইআরসিসির আলাদা সিকিউর অ্যাকাউন্টের মাধ্যমে অনলাইনে ওপেন ওয়ার্ক পারমিটের আবেদন করেন। ফর্মে কাজের ধরন হিসেবে "ওপেন ওয়ার্ক পারমিট" নির্বাচন করতে হয় এবং নির্দিষ্ট কোড ও বর্ণনা লিখতে হয়। সঙ্গে এওআর, অস্থায়ী মর্যাদার প্রমাণ এবং বিয়ের সনদ বা কমন-ল ঘোষণাসহ সম্পর্কের প্রমাণ আপলোড করতে হয়।
পারমিট না পাওয়া পর্যন্ত সঙ্গী কাজ শুরু করতে পারবেন না এবং অস্থায়ী মর্যাদা বজায় রাখতে হবে। তবে আগে থেকে অন্য বৈধ ওয়ার্ক পারমিট থাকলে এবং মেয়াদ শেষের আগে নবায়নের আবেদন করা থাকলে, একই নিয়োগকর্তার অধীনে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ থাকতে পারে। এই পারমিটের প্রক্রিয়াকরণের কোনো নির্দিষ্ট সময়সীমা আইআরসিসি দেয়নি, তাই অনলাইনে প্রসেসিং টাইম দেখে নিতে বলা হয়েছে।
যাঁদের সঙ্গী এখনো দেশের বাইরে, তাঁদের জন্য পথটা একটু ঘুরপথ, তবে সম্ভব। পিআর আবেদন জমা দিয়ে এওআর পাওয়ার পর সঙ্গী ভিজিটর ভিসার জন্য আবেদন করতে পারেন। আইআরসিসির তথ্য অনুযায়ী, এওআর থাকলে এই ভিসা দ্রুত প্রক্রিয়াকরণের সুযোগ থাকতে পারে। তবে ভিসা নিশ্চিত নয়। দেশের সঙ্গে বন্ধন, আর্থিক সামর্থ্য ও প্রয়োজনে ফিরে যাওয়ার অভিপ্রায়ের মতো সাধারণ শর্ত পূরণ করে আইআরসিসিকে সন্তুষ্ট করতে হবে। ভিসা মিললে কানাডায় ঢুকে স্পনসরের সঙ্গে থাকা অবস্থায় তিনি একই নীতির আওতায় ওপেন ওয়ার্ক পারমিটের আবেদন করতে পারবেন। এরপর পুরো প্রক্রিয়া ইনল্যান্ড আবেদনকারীদের মতোই।
বাংলাদেশি যেসব পরিবারের সদস্য কানাডার নাগরিক বা স্থায়ী বাসিন্দা, তাঁদের জন্য এই তথ্য কাজে আসতে পারে। স্পনসরশিপের দীর্ঘ অপেক্ষার মধ্যেও সঙ্গী পাশে থাকতে ও আয় করতে পারবেন, যা পরিবারের আর্থিক ও মানসিক চাপ অনেকটা কমায়। তবে মনে রাখতে হবে, ভিজিটর ভিসা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশি আবেদনকারীদেরও দেশের সঙ্গে বন্ধনসহ সব সাধারণ শর্ত প্রমাণ করতে হবে।








