যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে সম্পর্কিত কাজের অভিজ্ঞতা অর্জনের কর্মসূচি অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং বা OPT নিয়ে বড় অঙ্কের ফি আরোপের প্রস্তাব এসেছে। প্রস্তাব অনুযায়ী, একজন শিক্ষার্থীকে প্রথমবার এ কর্মসূচির জন্য সুপারিশ করতে কলেজ বা বিশ্ববিদ্যালয়কে ৭০ হাজার ডলার দিতে হবে। পরবর্তী OPT মেয়াদ বা মেয়াদ বাড়ানোর ক্ষেত্রেও অতিরিক্ত ৩০ হাজার ডলার ফি দেওয়ার কথা বলা হয়েছে।
American Council on Education বা ACE-এর প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ৭ অক্টোবর এ প্রস্তাব ঘোষণা করে। তবে এটি এখনো চূড়ান্ত বা কার্যকর নিয়ম নয়।
OPT-এর মাধ্যমে এফ-১ ভিসাধারী আন্তর্জাতিক শিক্ষার্থীরা তাঁদের পড়াশোনার বিষয়ের সঙ্গে সম্পর্কিত কাজে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। সাধারণভাবে এ কর্মসূচিতে সর্বোচ্চ ১২ মাস কাজের অনুমতি পাওয়া যায়। যোগ্য বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের শিক্ষার্থীরা আরও ২৪ মাসের মেয়াদ বৃদ্ধির সুযোগ পান।
প্রস্তাবিত ফি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে পড়াশোনার ব্যয় বাড়াতে পারে বলে আশঙ্কা জানিয়েছে ACE। সংস্থাটির মতে, বিশ্ববিদ্যালয়গুলো নিজেরা এ খরচ বহন না করলে তা টিউশন বা অন্যান্য ফি হিসেবে শিক্ষার্থীদের ওপর চাপাতে পারে।
ACE জানিয়েছে, তারা প্রস্তাবটির বিষয়ে আনুষ্ঠানিক মতামত দেবে এবং তা প্রত্যাহারের আহ্বান জানাবে। প্রতিবেদনে বলা হয়েছে, চূড়ান্ত বিধি প্রকাশিত হলে তার ৬০ দিন পর নতুন ফি কার্যকর হওয়ার কথা। ফলে এখনই OPT-এর জন্য এই অর্থ দিতে হবে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।







