মানব পাচার, অনলাইন প্রতারণা ও অর্থ পাচার মোকাবিলায় আসিয়ান দেশগুলোর মধ্যে দ্রুত তথ্য বিনিময় এবং যৌথ তদন্ত জোরদারের আহ্বান জানিয়েছে মালয়েশিয়া। দেশটি বলেছে, শুধু চুক্তি ও অঙ্গীকারের পরিবর্তে মানুষের নিরাপত্তায় বাস্তব ফল দেখাতে হবে।
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আন্তঃসীমান্ত অপরাধবিষয়ক আসিয়ানের ২০তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে মালয়েশিয়ার জাতীয় বিবৃতিতে এ অবস্থান তুলে ধরা হয়।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেন, অপরাধী চক্র ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার করে কার্যক্রম বিস্তৃত করছে। কোনো একক দেশের পক্ষে এ ধরনের অপরাধ মোকাবিলা করা সম্ভব নয়।
মালয়েশিয়ার বক্তব্যে অপরাধের অর্থপ্রবাহ ও তদন্তের গতির ব্যবধানও উঠে আসে। কয়েক মিনিটে অর্থ এক দেশ থেকে অন্য দেশে চলে গেলেও তদন্ত ও আইনি প্রক্রিয়ায় বেশি সময় লাগে। এ ব্যবধান কমাতে ডিজিটাল প্রমাণ সংরক্ষণ, অর্থ শনাক্তকরণ এবং সংশ্লিষ্ট দেশগুলোর সহযোগিতায় গুরুত্ব দেওয়া হয়।
দেশটি তিনটি বিষয়ে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে—সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার, তদন্তের সক্ষমতা বৃদ্ধি এবং সদস্যদেশ ও সহযোগী অংশীদারদের মধ্যে মাঠপর্যায়ের সমন্বয় সম্প্রসারণ।
মালয়েশিয়ার মতে, সহযোগিতার সাফল্য কতগুলো চুক্তি হয়েছে তা দিয়ে বিচার করা যথেষ্ট নয়। কতটি অপরাধী চক্র থামানো গেছে, কতজন ভুক্তভোগী সুরক্ষা পেয়েছেন এবং কতজন অপরাধী বিচারের মুখোমুখি হয়েছেন—এসবই হওয়া উচিত সাফল্যের মাপকাঠি।







