চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তিতে মাস্টার্স করার সুযোগ পাচ্ছেন আন্তর্জাতিক শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টির Yenching Academy-এর দুই বছর মেয়াদি China Studies প্রোগ্রামে ২০২৭ শিক্ষাবর্ষের জন্য আবেদন চলছে। নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফি ছাড়াও আবাসন, মাসিক ভাতা, স্বাস্থ্যবিমা ও যাতায়াত খরচের সহায়তা পাবেন। বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
গত ২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৭ সালের সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই প্রোগ্রামে আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর ২০২৬। প্রতিবছর চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১২০ জন শিক্ষার্থীকে এ প্রোগ্রামে ভর্তি করা হয়।
Yenching Academy-এর China Studies প্রোগ্রামে অর্থনীতি ও ব্যবস্থাপনা, রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক, আইন ও সমাজ, ইতিহাস ও প্রত্নতত্ত্ব, সাহিত্য ও সংস্কৃতি এবং দর্শন ও ধর্ম বিষয়ে গবেষণার সুযোগ রয়েছে। দুই বছরের এই প্রোগ্রামে প্রথম বছর কোর্সের পড়াশোনা এবং দ্বিতীয় বছর গবেষণাপত্র তৈরির কাজ করতে হয়।
যেসব সুবিধা মিলবে
Yenching Fellowship-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা প্রথম শিক্ষাবর্ষে যেসব সুবিধা পাবেন—
সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবাসনের ব্যবস্থা
প্রতি মাসে জীবনযাপনের জন্য ভাতা
নিজ দেশ থেকে বেইজিংয়ে যাওয়া-আসার একবারের ভ্রমণ ভাতা
মৌলিক স্বাস্থ্যবিমার খরচ
নির্ধারিত গবেষণা সফরের খরচ
দ্বিতীয় বছরেও বৃত্তি পাওয়ার সুযোগ রয়েছে। তবে এ জন্য ভালো একাডেমিক ফল বজায় রাখতে হবে এবং বেইজিংয়ে থেকে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরিকল্পনা থাকতে হবে। দ্বিতীয় বছরের বৃত্তির জন্য আলাদাভাবে আবেদন করতে হবে।
কারা আবেদন করতে পারবেন
বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের যেসব যোগ্যতা থাকতে হবে—
যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা ২০২৭ সালের আগস্টের মধ্যে স্নাতক শেষ করতে হবে।
ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে।
চীনবিষয়ক আন্তবিষয়ক গবেষণায় আগ্রহ থাকতে হবে।
সহশিক্ষা কার্যক্রম, সামাজিক কাজ বা নেতৃত্বের অভিজ্ঞতা থাকতে হবে।
ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ দিতে হবে।
ইংরেজি ভাষার যোগ্যতার ক্ষেত্রে IELTS Academic-এ ন্যূনতম ৭.০ অথবা Cambridge English Scale (Advanced)-এ ১৮৫ স্কোর গ্রহণ করা হয়। TOEFL-এর ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্কোরের শর্ত রয়েছে।
তবে যাঁরা ইংরেজি মাধ্যমে স্নাতক বা উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেছেন, তাঁরা বিশ্ববিদ্যালয়ের দেওয়া শিক্ষার মাধ্যমসংক্রান্ত প্রমাণপত্র জমা দিয়ে ইংরেজি ভাষার পরীক্ষার সনদ ছাড়াই আবেদন করতে পারবেন।
আবেদন যেভাবে
আগ্রহী শিক্ষার্থীদের Yenching Academy-এর অনলাইন আবেদন পোর্টালে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে ব্যক্তিগত বিবৃতি, গবেষণার আগ্রহসংক্রান্ত বিবৃতি, জীবনবৃত্তান্ত, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, শিক্ষাগত যোগ্যতার সনদ এবং দুজন অধ্যাপকের সুপারিশপত্র জমা দিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের অংশীদার প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের নিজ বিশ্ববিদ্যালয়ের মনোনয়ন প্রক্রিয়াও অনুসরণ করতে হবে।
প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ আন্তর্জাতিক আবেদনকারীদের অনলাইনে সাক্ষাৎকার নেওয়া হবে। চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির অফার ২০২৭ সালের জুনের শেষ দিকে পাঠানোর কথা রয়েছে।
আবেদনের শেষ সময়
২০২৭ শিক্ষাবর্ষে আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর ২০২৬, সকাল ৯টা (বেইজিং সময়)। বাংলাদেশ সময় অনুযায়ী শেষ সময় একই দিন সকাল ৭টা।
আবেদনের বিস্তারিত নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্রের তথ্য পাওয়া যাবে Yenching Academy-এর ওয়েবসাইটে।
আবেদন ও বিস্তারিত তথ্য: https://yenchingacademy.pku.edu.cn/ADMISSIONS.htm








