মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ২০ মাসে ১ লাখ ৫৯ হাজার ২৩২ জন অনথিভুক্ত বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। একই সময়ে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে ৬ হাজার ৯৯ জন নিয়োগদাতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) মালয়েশিয়ার সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। পরিসংখ্যানটি গত বছরের শুরু থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত সময়ের।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই সময়ে দেশজুড়ে ৫৩ হাজার ৩১৮টি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬ লাখ ৫৯ হাজার ১৯১ জন বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয়েছে।
আটকের কারণগুলোর মধ্যে রয়েছে বৈধ ভিসা বা কাজের অনুমতিপত্র না থাকা এবং অনুমোদিত মেয়াদের বেশি অবস্থান করা। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দেশটির ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
আটকের এই সংখ্যা বিভিন্ন দেশের নাগরিক মিলিয়ে। প্রতিবেদনে কতজন বাংলাদেশি আটক হয়েছেন, তার পৃথক তথ্য দেওয়া হয়নি।
এদিকে কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের নথি ও কার্ড জালিয়াতির ঘটনায় ছয় বিদেশিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানোর কথাও জানানো হয়েছে।
শরণার্থী নিবন্ধনে ‘ডিপিপি’ নামে নিজস্ব ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও জানিয়েছে মালয়েশিয়া। এতে ইউএনএইচসিআরের কার্ড থাকলেই সরাসরি নিবন্ধন মিলবে না; বায়োমেট্রিক তথ্য, সাক্ষাৎকার ও নিরাপত্তা যাচাইয়ের মাধ্যমে যোগ্যতা নির্ধারণ করা হবে।






