বাংলাদেশ থেকে সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মী নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া। দেশটির শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তবে বিনা খরচের এই সুযোগে কর্মী বাছাই ও আবেদনপ্রক্রিয়ার বিস্তারিত এখনো স্পষ্ট নয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে ১০ হাজার কর্মীকে বিনা খরচে নেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে মালয়েশিয়ার কর্তৃপক্ষ।
একই সঙ্গে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ব্যবস্থায় বাংলাদেশের সরকারি ও বেসরকারি মিলিয়ে ৩৩৮টি প্রতিষ্ঠানের অংশগ্রহণের কথা জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল), ২৫টি বেসরকারি প্রসেসিং বা সার্ভিস এজেন্সি এবং ৩১২টি রিক্রুটিং এজেন্সি।
অনুমোদিত রিক্রুটিং এজেন্সিগুলো মালয়েশিয়ার নিয়োগকর্তাদের কাছ থেকে কর্মীর চাহিদাপত্র সংগ্রহ করবে। এরপর বাংলাদেশের আইন অনুযায়ী কর্মী নির্বাচন ও নিয়োগের কাজ পরিচালনা করবে সংশ্লিষ্ট এজেন্সি।
কলিং ভিসা, ই-ভিসাসহ প্রয়োজনীয় প্রশাসনিক কাজে বোয়েসেল ও তালিকাভুক্ত প্রসেসিং প্রতিষ্ঠানগুলো সহায়তা দেবে। পরবর্তী ধাপে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি নিজস্ব লাইসেন্সের অধীনে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্রের প্রক্রিয়া সম্পন্ন করবে।
বিনা খরচে কর্মী পাঠানোর উদ্যোগটির কথা এর আগেও জানিয়েছিল সরকার। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) গত ২৮ আগস্টের প্রতিবেদনে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির বরাতে বলা হয়, এই ১০ হাজার কর্মীর বিমানভাড়াসহ সব ধরনের অভিবাসন ব্যয় বহন করতে হবে না। ওই ঘোষণায় বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানোর পরিকল্পনার কথা জানানো হয়েছিল।
তবে সাধারণ নিয়োগব্যবস্থায় এজেন্সিগুলোর অংশগ্রহণ এবং বিশেষ ব্যবস্থায় ১০ হাজার কর্মীকে বিনা খরচে নেওয়ার উদ্যোগ পৃথক বিষয়। মালয়েশিয়ায় যেতে আগ্রহী প্রত্যেক কর্মী এই সুবিধা পাবেন—এমন ঘোষণা দেওয়া হয়নি।







