জাপানে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার জন্য হোনজো ইন্টারন্যাশনাল স্কলারশিপ ফাউন্ডেশনের ২০২৭ সালের বৃত্তিতে আবেদন গ্রহণ চলছে। আবেদন করা যাবে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত। বাংলাদেশিসহ জাপানের নাগরিক নন—এমন সব দেশের শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ করে আবেদন করতে পারবেন।
ফাউন্ডেশনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন গবেষণা ক্ষেত্রের প্রায় ১০ জন শিক্ষার্থীকে এই বৃত্তির জন্য নির্বাচিত করা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক মনোনয়ন ছাড়াই সরাসরি ফাউন্ডেশনের অনলাইন ব্যবস্থায় আবেদন করা যায়।
বৃত্তির মাসিক পরিমাণ নির্ভর করবে নির্ধারিত মেয়াদের ওপর। এক বা দুই বছরের জন্য মাসে দুই লাখ ৩০ হাজার ইয়েন, তিন বছরের জন্য দুই লাখ ১০ হাজার ইয়েন এবং চার বা পাঁচ বছরের জন্য এক লাখ ৮০ হাজার ইয়েন দেওয়া হবে।
তবে এই বৃত্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি কিংবা প্রথমবার জাপানে যাওয়ার বিমানভাড়ার মতো প্রাথমিক ভ্রমণ খরচ আলাদাভাবে দেওয়া হয় না। ফাউন্ডেশনের প্রশ্নোত্তর পাতায় জানানো হয়েছে, এটি মূলত মাসিক ভাতা প্রদানকারী বৃত্তি।
আবেদনকারীদের জন্য বয়স ও ভাষাগত যোগ্যতার শর্ত রয়েছে। মাস্টার্সের ক্ষেত্রে ৩০ বছর এবং পিএইচডির ক্ষেত্রে ৩৫ বছরের মধ্যে সংশ্লিষ্ট কোর্স শুরু করতে হবে। জাপানি ভাষায় সাধারণ কথোপকথনের সক্ষমতাও থাকতে হবে। বাছাইয়ের সাক্ষাৎকার জাপানি ভাষায় নেওয়া হবে।
আবেদনের সময় চূড়ান্ত ভর্তির অনুমতিপত্র হাতে থাকা সব ক্ষেত্রে বাধ্যতামূলক নয়। ফাউন্ডেশনের নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের বসন্ত বা শরৎকালীন সেশনে ভর্তির পরীক্ষা দেওয়ার পরিকল্পনা রয়েছে—এমন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে অনুমতিপত্র না পেলে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাতে হবে এবং পরে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। স্নাতক পর্যায় ও ডিগ্রিবিহীন গবেষণা কর্মসূচির জন্য এই বৃত্তি প্রযোজ্য নয়।
প্রয়োজনীয় নথির মধ্যে রয়েছে শিক্ষাগত ফলাফলের বিবরণী, গবেষণা পরিকল্পনা, সুপারিশপত্র এবং ভর্তি বা অধ্যয়নসংক্রান্ত প্রমাণপত্র। গবেষণা পরিকল্পনা ফাউন্ডেশনের নির্ধারিত ছকে জাপানি ভাষায় লিখতে হবে। চাইলে এর সঙ্গে ইংরেজি সংস্করণও যুক্ত করা যাবে। নিজের গবেষণা পরিকল্পনা ব্যাখ্যা করে সর্বোচ্চ দুই মিনিটের একটি ভিডিও জমা দিতে হবে; ভিডিওটি জাপানি বা ইংরেজি ভাষায় করা যাবে।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, প্রাথমিক বাছাইয়ের ফল জানানো হবে ৩১ জানুয়ারি ২০২৭ এবং চূড়ান্ত ফল ৩১ মার্চ ২০২৭। আবেদনকারীদের আবেদন নম্বর সংরক্ষণ করতে বলেছে ফাউন্ডেশন, কারণ প্রাথমিকভাবে নির্বাচিতদের নম্বর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিস্তারিত যোগ্যতা ও শর্ত জানা যাবে হোনজো ফাউন্ডেশনের ওয়েবসাইটে। আবেদন করতে হবে অনলাইন আবেদন পোর্টালে।







