যুক্তরাজ্যের স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব গ্লাসগোতে (University of Glasgow) স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপের সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়টির GREAT Scholarships 2027 কর্মসূচির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা ১০ হাজার পাউন্ড টিউশন ফি ছাড় পাবেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৬ লাখ ৬৯ হাজার টাকা।
ব্রিটিশ কাউন্সিল ও যুক্তরাজ্যের GREAT Britain Campaign-এর সহযোগিতায় এ স্কলারশিপ দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৭ সালের জন্য মোট তিনটি স্কলারশিপ রয়েছে। বাংলাদেশ ছাড়াও পাকিস্তান ও ভিয়েতনামের শিক্ষার্থীদের জন্য এ সুযোগের কথা উল্লেখ করা হয়েছে। তবে তিনটি স্কলারশিপের সবগুলো বাংলাদেশিদের জন্য সংরক্ষিত নয়।
স্কলারশিপের আবেদন এখনো শুরু হয়নি। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, শিগগিরই আবেদন গ্রহণ শুরু হবে। আবেদনের শেষ সময় ৩০ এপ্রিল ২০২৭, যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট।
স্কলারশিপে যেসব সুবিধা মিলবে
GREAT Scholarships 2027-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এক বছর মেয়াদি স্নাতকোত্তর কোর্সে ১০ হাজার পাউন্ড টিউশন ফি ছাড় পাবেন।
বাংলাদেশ ব্যাংকের ৪ নভেম্বর ২০২৬-এর প্রকাশিত বিনিময় হার অনুযায়ী, প্রতি পাউন্ডের মূল্য প্রায় ১৬৬ টাকা ৮৫ পয়সা ধরে এই ছাড়ের পরিমাণ প্রায় ১৬ লাখ ৬৯ হাজার টাকা।
এটি পূর্ণাঙ্গ স্কলারশিপ নয়। বিশ্ববিদ্যালয় টিউশন ফির একটি অংশ মওকুফ করবে। কোর্সের বাকি টিউশন ফি, আবাসন, খাবার, ভিসা ও অন্যান্য জীবনযাত্রার ব্যয় শিক্ষার্থীদের বহন করতে হবে। এ স্কলারশিপের আওতায় আলাদা মাসিক ভাতা বা বিমানভাড়ার সুবিধা ঘোষণা করা হয়নি।
কোন কোন বিষয়ে পড়ার সুযোগ
গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে এক বছর মেয়াদি স্নাতকোত্তর কোর্সে এ স্কলারশিপ পাওয়া যাবে।
যোগ্য কোর্সের তালিকায় রয়েছে—
AI in Education
Advanced Mathematics
Advanced Statistics
Aerospace Engineering
Applied Linguistics
Animal Welfare Science, Ethics & Law
Advanced Functional Materials
Applied Conservation Science
Advanced Nursing Science
এ ছাড়া আরও অনেক বিষয়ে স্কলারশিপের সুযোগ রয়েছে। তবে Master of Business Administration (MBA) এবং MSc Research কোর্স এ কর্মসূচির আওতায় নেই। আবেদনের আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত যোগ্য কোর্সের পূর্ণাঙ্গ তালিকা যাচাই করতে হবে।
কারা আবেদন করতে পারবেন?
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এ স্কলারশিপ উন্মুক্ত। তবে কয়েকটি শর্ত পূরণ করতে হবে।
বাংলাদেশসহ নির্ধারিত যোগ্য দেশের পাসপোর্টধারী হতে হবে।
বিশ্ববিদ্যালয়ের যোগ্য এক বছর মেয়াদি স্নাতকোত্তর কোর্সে আবেদন করতে হবে।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নির্ধারিত টিউশন ফি ক্যাটাগরিতে থাকতে হবে।
স্কলারশিপের শেষ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তাব গ্রহণ এবং ভর্তির সব শর্ত পূরণ করতে হবে।
বিশ্ববিদ্যালয় বা বাইরের কোনো প্রতিষ্ঠান থেকে অন্য স্কলারশিপ বা অর্থায়ন পাওয়া যাবে না। তবে বিশ্ববিদ্যালয়ের Alumni Discount-এর ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে।
সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা অথবা প্রমাণযোগ্য আগ্রহ থাকতে হবে।
নির্বাচিত শিক্ষার্থীদের যুক্তরাজ্যে উচ্চশিক্ষার অভিজ্ঞতা তুলে ধরা এবং GREAT Scholarships-এর বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার প্রত্যাশা রয়েছে।
আবেদন যেভাবে
আগ্রহী শিক্ষার্থীদের প্রথমে গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে পছন্দের স্নাতকোত্তর কোর্স নির্বাচন করতে হবে।
এরপর সংশ্লিষ্ট কোর্সে ভর্তির আবেদন করতে হবে। স্কলারশিপের শেষ সময়ের মধ্যে ভর্তির প্রস্তাব গ্রহণ এবং সব শর্ত পূরণ করতে হবে। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, স্কলারশিপের আবেদন শিগগিরই শুরু হবে। আগ্রহীরা অফিশিয়াল ওয়েবসাইটে নিজেদের নাম নিবন্ধন করে আবেদন শুরুর বিজ্ঞপ্তি পেতে পারবেন।
আবেদনের শেষ সময়
GREAT Scholarships 2027-এর আবেদনের শেষ সময় ৩০ এপ্রিল ২০২৭, যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট। ওই সময়ে যুক্তরাজ্যে British Summer Time (BST) কার্যকর থাকবে। সে হিসাবে বাংলাদেশ সময় একই দিন বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।
বিশ্ববিদ্যালয় জানিয়েছে, নির্বাচনের সিদ্ধান্ত ১৪ মে ২০২৭-এর মধ্যে আবেদনকারীদের জানানো হবে।
স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট: https://www.gla.ac.uk/scholarships/greatscholarships2027/








