সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ভ্রমণ করতে আগ্রহী বিদেশি পর্যটকদের জন্য ভিসা আবেদনপ্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, দুবাইয়ের সরকারি পর্যটন ওয়েবসাইট Visit Dubai-এর মাধ্যমে সরাসরি ট্যুরিস্ট ভিসার আবেদন করার সুবিধা চালু করা হবে। এতে সিঙ্গেল-এন্ট্রি ও মাল্টিপল-এন্ট্রি ভিসার আবেদন করার সুযোগ থাকবে।
ভিসাসংক্রান্ত সংবাদমাধ্যম VisasNews-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের নভেম্বর থেকে এই নতুন সেবা চালুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে পর্যটকেরা দুবাইয়ের সরকারি পর্যটন প্ল্যাটফর্ম ব্যবহার করেই ভিসা আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ পাবেন।
কী পরিবর্তন আসছে
নতুন উদ্যোগে Visit Dubai ওয়েবসাইটে পর্যটন ভিসার আবেদনসেবা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর ফলে পর্যটকদের জন্য ভিসা আবেদনের আরও একটি ডিজিটাল মাধ্যম তৈরি হবে।
পরিকল্পনা অনুযায়ী, দুটি ধরনের ভিসার আবেদন করার সুযোগ থাকবে।
Single-entry Tourist Visa: নির্ধারিত মেয়াদের মধ্যে একবার সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের অনুমতি।
Multiple-entry Tourist Visa: ভিসার শর্ত অনুযায়ী নির্ধারিত মেয়াদের মধ্যে একাধিকবার প্রবেশের সুযোগ।
তবে নতুন ব্যবস্থায় ভিসার মেয়াদ, আবেদন ফি এবং প্রয়োজনীয় কাগজপত্রের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত করা যায়নি।
বাংলাদেশিদের জন্য কী সুবিধা
বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা জটিলতা নতুন নয়। ২০১২ সাল থেকে দেশটিতে বাংলাদেশি কর্মীদের নতুন ভিসা দেওয়ার ক্ষেত্রে বড় ধরনের বিধিনিষেধ শুরু হয়। পরবর্তী সময়ে বিভিন্ন শ্রেণির ভিসা সীমিত পরিসরে চালু থাকলেও ২০২৪ সালের শেষ দিকে বাংলাদেশিদের ট্যুরিস্ট ও ভিজিট ভিসা পাওয়া আরও কঠিন হয়ে পড়ে। ২০২৫ সালের শুরুতে ভিসা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশ্বাস দেওয়া হলেও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
তবে VisasNews-এর প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশি পাসপোর্টধারীরা নতুন ব্যবস্থায় সরাসরি আবেদন করতে পারবেন কি না, তা নিশ্চিত করা যাচ্ছে না। এ ছাড়া বাংলাদেশিদের জন্য নতুন কোনো ভিসামুক্ত সুবিধা, বিশেষ ছাড় কিংবা ভিসা অনুমোদনের নিশ্চয়তার ঘোষণা পাওয়া যায়নি।
আবেদন যেভাবে
নতুন ব্যবস্থা চালু হলে পর্যটকেরা দুবাইয়ের সরকারি পর্যটন ওয়েবসাইটে গিয়ে ট্যুরিস্ট ভিসার আবেদন করতে পারবেন বলে পরিকল্পনায় উল্লেখ রয়েছে।
সরকারি ওয়েবসাইট: https://www.visitdubai.com/
তবে আবেদন ফরম, প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পদ্ধতি এবং অনলাইনে ফি পরিশোধের বিস্তারিত নির্দেশনা নতুন সেবা চালুর পর নিশ্চিত করতে হবে।
নতুন সেবায় ভিসা অনুমোদন দেবে কারা
দুবাইয়ের General Directorate of Residency and Foreigners Affairs (GDRFA Dubai) আগের মতোই ভিসার আবেদন যাচাই ও অনুমোদনের দায়িত্ব পালন করবে। Visit Dubai হবে আবেদনসেবা ব্যবহারের একটি নতুন মাধ্যম।
বর্তমানে দুবাইয়ের ট্যুরিস্ট ভিসার জন্য ৩০ ও ৬০ দিনের বিভিন্ন বিকল্প রয়েছে। অনুমোদিত বিমান সংস্থা, ট্রাভেল এজেন্সি এবং বিদ্যমান সরকারি ডিজিটাল সেবার মাধ্যমেও আবেদন করা যায়। নতুন উদ্যোগটি এসব ব্যবস্থার পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে প্রথম ই-ভিসা চালুর ঘোষণা নয়।
পর্যটকদের জন্য আরও একটি উদ্যোগ
ভিসা আবেদনসেবার পাশাপাশি Dubai Access Club নামে একটি পর্যটন সদস্যপদ কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছে দুবাই কর্তৃপক্ষ। আমন্ত্রণের ভিত্তিতে নির্বাচিত পর্যটকেরা এই কর্মসূচিতে বিশেষ সেবা ও সুবিধা পাবেন। তবে সদস্য হওয়ার যোগ্যতা, নির্দিষ্ট সুবিধা এবং নিবন্ধনপ্রক্রিয়ার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।
এই কর্মসূচির সদস্যদের জন্য বিশেষ কোনো ভিসা সুবিধাও ঘোষণা করা হয়নি।







