কানাডায় বেড়াতে যাওয়া, আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা কিংবা ব্যবসায়িক কাজে যাওয়ার জন্য ভিসা-বাধ্যতামূলক দেশের নাগরিকদের ভিজিটর ভিসা নিতে হয়। বাংলাদেশের নাগরিকেরাও এর আওতায় পড়েন। কিন্তু আবেদন করলেই ভিসা মেলে না। সিআইসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) নানা কারণে ভিজিটর ভিসার আবেদন প্রত্যাখ্যান করতে পারে। আগেভাগে এসব কারণ জানা থাকলে প্রত্যাখ্যানের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
প্রথম কারণ হলো প্রয়োজনীয় নথি ঠিকভাবে জমা না দেওয়া কিংবা সরকারি প্রসেসিং ফি সময়মতো পরিশোধ না করা। আবেদনের আগে আইআরসিসির চেকলিস্ট ভালোভাবে মিলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দ্বিতীয় কারণ অতীতে অপরাধের রেকর্ড। অপরাধের ইতিহাস থাকলে প্রবেশ আটকে যেতে পারে, তবে সব ক্ষেত্রে তা বাধা হয়ে দাঁড়ায় না। তাই এ বিষয়ে স্বচ্ছ থাকা, পুলিশ ক্লিয়ারেন্স বা অপরাধ-সংক্রান্ত রেকর্ড যাচাইয়ের নথি জমা দেওয়া এবং প্রয়োজনে সংশোধিত আচরণের প্রমাণ দেখানো জরুরি। এ ক্ষেত্রে অভিজ্ঞ আইনজীবীর সহায়তা নেওয়া যেতে পারে।
তৃতীয় কারণ কানাডায় থাকার উদ্দেশ্য নিয়ে সন্দেহ। কেন যাচ্ছেন এবং সেখানে কী করবেন, তা স্পষ্ট না হলে আবেদন নাকচ হতে পারে। ভ্রমণসূচি, ফ্লাইট বুকিং ও হোটেল রিজার্ভেশনের মতো নথি এই সন্দেহ দূর করতে সাহায্য করে। চতুর্থ কারণ, দেশের সঙ্গে শক্ত বন্ধনের অভাব। ভিজিটররা সাধারণত সর্বোচ্চ ছয় মাসের জন্য কানাডায় থাকতে পারেন। তাই মেয়াদ শেষে ফিরে আসবেন, এই আস্থা তৈরি করা আবেদনের গুরুত্বপূর্ণ অংশ। চাকরির প্রমাণ (নিয়োগপত্র, বেতনের স্লিপ), পরিবারের নির্ভরশীল সদস্য (সন্তান, বাবা-মা) এবং সম্পত্তির মালিকানা বা ভাড়ার চুক্তির মতো কাগজ এ ক্ষেত্রে কাজে লাগে।
পঞ্চম কারণ অতীতের ভ্রমণ ইতিহাস। আগে কানাডায় ভিসার মেয়াদের বেশি সময় থাকা (ওভারস্টে) কিংবা আগের ভিজিটর ভিসা প্রত্যাখ্যানের ঘটনা থাকলে নতুন আবেদন কঠিন হতে পারে, তবে অসম্ভব নয়। এমন ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া এবং পরবর্তী ভ্রমণে নিয়ম মেনে চলার প্রমাণ দেখানো দরকার। ষষ্ঠ কারণ তথ্য গোপন বা ভুল তথ্য দেওয়া, যাকে বলা হয় মিসরিপ্রেজেন্টেশন। প্রতিবেদনে উদাহরণ হিসেবে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রসহ অন্য কোনো দেশের ভিসা প্রত্যাখ্যানের তথ্য না জানালে এ সমস্যায় পড়তে হতে পারে।
সপ্তম কারণ বসবাসের দেশে বৈধ মর্যাদা না থাকা। আবেদনকারীকে নিজের বসবাসের দেশে আইনি জটিলতা থাকলে আগে তা মেটাতে হবে এবং বৈধ বসবাসের প্রমাণ দেখাতে হবে। অষ্টম কারণ স্বাস্থ্যগত শর্ত পূরণ না করা। বিশেষ করে সুপার ভিসার আবেদনকারীদের মেডিকেল পরীক্ষা দিতে হয়। বিস্তারিত চিকিৎসা ইতিহাস ও স্বাস্থ্যসনদ জমা দিলে এ বাধা কাটানো সম্ভব। নবম কারণ আর্থিক সামর্থ্য প্রমাণ করতে না পারা। কানাডায় থাকাকালীন খরচ চালাতে পারবেন, তা বোঝাতে সাম্প্রতিক ব্যাংক স্টেটমেন্ট, চাকরির প্রত্যয়নপত্র ও আয়-সম্পদের অন্যান্য কাগজ জমা দিতে হয়।
বাংলাদেশি আবেদনকারীদের জন্য মূল বার্তা হলো, ভিসা আবেদন শুধু কাগজ জমা দেওয়ার বিষয় নয়, আস্থা তৈরির প্রক্রিয়া। প্রতিটি তথ্য সত্য ও সংগতিপূর্ণ হতে হবে। অতীতে ভিসা প্রত্যাখ্যানের ঘটনা থাকলে তা আড়াল না করে ব্যাখ্যাসহ জানানোই নিরাপদ। যাঁরা ভিসা-মুক্ত দেশের নাগরিক, তাঁদের ভিসার বদলে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) নিতে হয়।








