সৌদি আরবের অধিকাংশ অঞ্চলে বজ্রবৃষ্টি এবং কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। শুক্রবার (৬ নভেম্বর) থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) পর্যন্ত বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও শিলাবৃষ্টি ও প্রবল বাতাসের আশঙ্কাও রয়েছে।
বৃহস্পতিবার সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাসের ভিত্তিতে এ সতর্কতা দেওয়া হয়েছে।

যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে
আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, মক্কা অঞ্চলের মক্কা নগরী, জেদ্দা, তায়েফ, রাবেগ, বাহরা, খুলাইস, আল-কামিল, আল-জুমুম, মাইসান, আদহাম, আল-কুনফুদাহ ও আল-লাইথ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।এসব এলাকায় বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টি, ধুলাবালিসহ প্রবল বাতাস এবং আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে।
রাজধানী রিয়াদে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে রিয়াদ অঞ্চলের আফিফ, আল-দাওয়াদমি, শাকরা, আল-গাত, আল-জুলফি ও আল-মাজমাসহ কয়েকটি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
এ ছাড়া মদিনা, জাজান, আসির, আল-বাহা, হাইল, কাসিম, আল-জৌফ, উত্তর সীমান্ত অঞ্চল ও পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে।

বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ
সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ নাগরিক ও প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে ভারী বৃষ্টির সময় উপত্যকা, নিচু এলাকা এবং বন্যার পানি জমতে পারে এমন স্থান এড়িয়ে চলতে বলা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টির সময় উপত্যকায় হঠাৎ পানির প্রবাহ বেড়ে যেতে পারে। তাই বন্যার পানিতে নামা বা সাঁতার কাটা থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে নিরাপদ স্থানে অবস্থান করতে এবং সরকারি আবহাওয়া সতর্কতা ও নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
সৌদি আরবের মক্কা, জেদ্দা, রিয়াদ, মদিনাসহ বিভিন্ন অঞ্চলে বিপুলসংখ্যক বাংলাদেশি বসবাস ও কাজ করেন। বৃষ্টির পূর্বাভাস দেওয়া এলাকাগুলোতে অবস্থানরত বাংলাদেশিদেরও স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা প্রয়োজন।
বিশেষ করে বাইরে কাজ করা প্রবাসী শ্রমিক ও গাড়িচালকদের বৃষ্টির সময় সতর্ক থাকতে হবে। নিচু রাস্তা, উপত্যকা ও পানি জমে থাকা এলাকা এড়িয়ে চলা উচিত।
সৌদি আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সব এলাকায় একই মাত্রায় বৃষ্টি হবে না। পরিস্থিতি অনুযায়ী সরকারি আবহাওয়া সতর্কতা অনুসরণ করতে বলা হয়েছে।







