সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় ঢাকা থেকে সৌদিগামী ৮৯টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট স্থগিত হয়েছে। এতে অন্তত ১৪ হাজার ৬৫৫ জন যাত্রীর ভ্রমণ ব্যাহত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্থগিত ফ্লাইটগুলোর মধ্যে ৩৯টি সরাসরি এবং ৫০টি ট্রানজিট ফ্লাইট।
সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, রিয়াদ এয়ারের সাতটি এবং সৌদিয়ার পাঁচটি ফ্লাইট রয়েছে।

ট্রানজিট ফ্লাইটের মধ্যে সবচেয়ে বেশি স্থগিত হয়েছে ইন্ডিগোর—২২টি। এছাড়া এমিরেটসের ১১টি, কাতার এয়ারওয়েজ ও ফ্লাইদুবাইয়ের ছয়টি করে, সালামএয়ারের চারটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট স্থগিত হয়েছে।
সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সৌদি আরবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বিঘ্ন দেখা দিয়েছে। রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসও ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা–রিয়াদ ও ঢাকা–দাম্মাম রুটের সব ফ্লাইট স্থগিত করেছে। নতুন সময়সূচি ও পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে যাত্রীদের জানানো হবে বলে জানিয়েছে সংস্থাটি। জরুরি প্রয়োজনে জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে, ইউএস-বাংলা এয়ারলাইনসের ঢাকা–রিয়াদ রুটের ফ্লাইট স্থগিত থাকবে ২১ অক্টোবর পর্যন্ত।







