সৌদি আরবের দাম্মামে আগামী ৭ নভেম্বর থেকে নিয়মিত ফ্লাইট আবার চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঢাকা–দাম্মাম–ঢাকা রুটে প্রতিদিন দিনের বেলায় ফ্লাইট পরিচালনা করা হবে। তবে ঢাকা–রিয়াদ–ঢাকা রুটে ফ্লাইট চলাচল আপাতত বন্ধ থাকবে।
মঙ্গলবার, এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)। সৌদি আরবের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দেশটির বিভিন্ন গন্তব্যে ফ্লাইটের সময়সূচি সমন্বয় করেছে সংস্থাটি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দাম্মাম রুটে ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত হলেও রিয়াদ রুটের স্থগিতাদেশ বহাল থাকছে। রিয়াদে কবে ফ্লাইট ফিরবে, তা জানানো হয়নি।
টিকিট ও যাত্রাসংক্রান্ত তথ্য জানতে যাত্রীদের বিমানের নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে।







